২২ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হচ্ছে বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২২ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ছে। গত বৃহস্পতিবার থেকে নতুন নোট বিনিময়ের এই কার্যক্রম শুরু হয়েছে।
ঢাকায় বাংলাদেশ ব্যাংক ছাড়াও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকে নতুন নোট নেওয়া যাবে। এ ছাড়া চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের শাখা কার্যালয়ের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে এটি বিতরণ করা হবে। একজন গ্রাহক বিভিন্ন অঙ্কের নতুন নোট ও কয়েন মিলিয়ে মোট সাড়ে নয় হাজার টাকা বিনিময় করতে পারবেন। খবর বাসসের।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাসসকে বলেন, ‘প্রতিবছর ঈদ-পূজার মতো বড় উৎসবে বাজারে যে অতিরিক্ত চাহিদার সৃষ্টি হয়, তা মেটাতে আমরা নতুন নোট ছাড়ার প্রস্তুতিও নিয়ে থাকি। এবার ঈদে গ্রাহকদের চাহিদা মেটাতে ২২ হাজার কোটি টাকার নোট ছাড়ার প্রস্তুতি রয়েছে।’