২২৭ কোটি টাকার বিক্রয় আদেশ পাওয়া গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান মন্দা অবস্থার মধ্যেও চার দিনের গ্রীষ্মকালীন আবাসন মেলায় ২২৭ কোটি টাকার বিক্রয় আদেশ পাওয়া গেছে। এর বাইরে ৪৫৭ কোটি টাকার অঙ্গীকার মিলেছে। মেলার আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানে গত সোমবার রাতে এই তথ্য জানিয়েছেন মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান আবদুর রশীদ। আবাসন খাতের মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) পঞ্চমবারের মতো গ্রীষ্মকালীন এই মেলার আয়োজন করে। গত ২৬ থেকে ২৯ জুন রাজধানীর রূপসী বাংলা হোটেলে এই মেলা অনুষ্ঠিত হয়। আর সমাপনী অনুষ্ঠানটি হয়েছে সোমবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি যোগ দেননি। সমাপনী অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন রিহ্যাবের সভাপতি সাংসদ নসরুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নুরুল হুদা। এ ছাড়া বক্তব্য দেন রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া। এদিকে এ বছর থেকে রিহ্যাব মিডিয়া অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। আবাসন খাত নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সেরা প্রতিবেদনের জন্য এই পুরস্কার দেওয়া হয়। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া—এ দুই শ্রেণীতে এ বছর ২০ জনকে পুরস্কৃত করা হয়। তার মধ্যে ১৪ জনকে দেওয়া হয় বিশেষ সম্মাননা পুরস্কার। আর দুই শ্রেণীতে তিনজন করে মোট ছয়জনকে দেওয়া হয়েছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার। এ বছর প্রিন্ট মিডিয়া শ্রেণীতে ইত্তেফাক-এর বাণিজ্য সম্পাদক জামালউদ্দিন, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি অরুণ কর্মকার ও সংবাদ-এর শাহজাহান মোল্লা যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন। একইভাবে ইলেকট্রনিক মিডিয়া শ্রেণীতে চ্যানেল আইয়ের শারমিন আজাদ, একুশে টেলিভিশনের সাজেদ রোমেল ও দিগন্ত টেলিভিশনের হাসান মাহমুদ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন। তাঁদের মধ্যে প্রথম পুরস্কার বিজয়ীকে দুই লাখ, দ্বিতীয় বিজয়ীকে এক লাখ ও তৃতীয় বিজয়ীকে ৭৫ হাজার টাকা এবং একটি করে সম্মাননাপত্র দেওয়া হয়। এ ছাড়া বিশেষ পুরস্কার বিজয়ী ১৪ জন সাংবাদিকের প্রত্যেককে ৪০ হাজার টাকা এবং একটি করে সম্মাননাপত্র দেওয়া হয়েছে। রাজউকের চেয়ারম্যান বিজয়ীদের হাতে পুরস্কারের টাকা ও সম্মাননাপত্র দুলে দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান বলেন, সরকারের একার পক্ষে ঢাকা শহর বাসযোগ্য রাখা সম্ভব নয়। বেসরকারি খাতকেও এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে।দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান রাজউক চেয়ারম্যান। তিনি জানান, ঢাকা শহরকে আধুনিক ও বাসযোগ্য শহরে পরিণত করতে রাজউক এ-সংক্রান্ত আইন যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে। নগর উন্নয়ন আইনটি (টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট) খুব শিগগির মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে বলেও তিনি জানান।