২৩ এপ্রিল কুয়েতে বসছে বাংলাদেশি পণ্যের মেলা
আগামী ২৩ এপ্রিল কুয়েতের ইন্টারন্যাশনাল ট্রেড ফেডার গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি পণ্যের একক মেলা।
দ্বিতীয়বারের মতো তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করছে কুয়েত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এতে সহযোগিতা দিচ্ছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ-কুয়েত চেম্বারের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া বলেন, ২০১২ সালে যখন প্রথম এই মেলা আয়োজন করা হয়েছিল, তখন কুয়েতে বাংলাদেশের রপ্তানি ছিল ১ কোটি ৫০ লাখ ডলার। এর বিপরীতে আমদানি ছিল ১০০ কোটি ডলারের বেশি। গত অর্থবছরে রপ্তানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫০ লাখ ডলার।
আয়োজকেরা জানান, মেলায় দেশের ১০০টি প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় অংশ নেওয়ার জন্য বুকিং দেওয়ার দিন ২০ মার্চ।