২৩ বেসরকারি ব্যাংকের শিশু দিবাযত্ন কেন্দ্র উদ্বোধন
রাজধানীর ব্যাংকপাড়া নামে খ্যাত মতিঝিল এলাকায় গতকাল রোববার একটি শিশু দিবাযত্ন কেন্দ্র চালু হয়েছে।
২৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের যৌথ সিএসআর (সামাজিক দায়িত্বশীলতা) অর্থায়নে গড়ে ওঠা এই শিশু দিবাযত্ন কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অনুষ্ঠানে এই উদ্যোগের সমন্বয়ক যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গভর্নর বলেন, ‘ব্যাংকের কর্মজীবী মায়েদের শিশুসন্তানদের জন্য এই দিবাযত্ন কেন্দ্রটি স্থাপন খুবই সময়োপযোগী হয়েছে। এটি দেখে আমি খুশি হয়েছি। কারণ, কেন্দ্রটিকে উন্নতমানের ও শিশুদের মনের মতো করে গড়ে তোলা হয়েছে।’
গভর্নর বলেন, বাংলাদেশের শ্রম আইনে আছে, ৪০ বা তার বেশি বয়সের নারী শ্রমিক নিয়োজিত আছেন এ রকম প্রতিষ্ঠানে তাঁদের ছয় বছরের কম বয়সী শিশুদের জন্য এক বা একাধিক উপযুক্ত কক্ষের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণের সুবিধা থাকতে হবে। কিন্তু ৪০ লাখ নারী শ্রমিকের কর্মক্ষেত্র তৈরি পোশাকশিল্পসহ সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানে শিশু দিবাযত্ন কেন্দ্র গড়ে ওঠেনি বললেই চলে। আশার কথা, এখন ব্যাংকগুলো এ ব্যাপারে সক্রিয় হয়ে উঠছে। এভাবে যদি প্রতিটি প্রতিষ্ঠানে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপিত হয়, তাহলে মায়েরা কর্মস্থলে নিশ্চিন্তে কাজ করে দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।
কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের ব্যাংক খাতে নিয়োজিত জনবলের একটি বড় অংশই নারী। সে জন্য ব্যাংকগুলোকে এককভাবে বা যৌথভাবে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনের জন্য ২০১৩ সালে কেন্দ্রীয় ব্যাংক একটি নির্দেশনা দিয়েছিল।