২৩ হাজার বেকার যুবক ও যুব নারী ঋণ পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরবঙ্গের সাতটি জেলার ২৩ হাজার বেকার যুব ও যুব নারীকে প্রশিক্ষণ দিয়ে স্বল্প সুদে ৫৭ কোটি ৫০ লাখ টাকার ঋণ প্রদান করা হয়েছে।
আত্মকর্মসংস্থানমূলক একটি প্রকল্পের অধীনে তাঁদের হাঁস-মুরগি পালন, গরু মোটাতাজাকরণ এবং দুগ্ধখামার ও নার্সারি স্থাপনের ওপর ১০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর ও নাটোর জেলার ৪৬টি উপজেলায় প্রকল্পটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
‘প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়নের সমস্যা সমাধানের উপায় নিরূপণ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে। পঞ্চগড় যুব প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে গত শনিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক বেকার যুব ও যুব নারী অংশ নেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামছুল আজমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক অসিত কুমার মুকুটমণি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী প্রকল্প পরিচালক আব্দুর রউফ শাহ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) কর্মকর্তা মো. মোসলেম উদ্দীন, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেন প্রমুখ বক্তব্য দেন।