চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবরে) বিদেশে বাংলাদেশের ২১টি মিশন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়েছে। অবশ্য একই সঙ্গে বার্লিন, লন্ডন, রোম, স্টোকহোম, টোকিও, বেইজিং, দোহাসহ ২৩টি মিশন তাদের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, ২০১১-১২ অর্থবছরের প্রথম চার মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছে ৮১১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার। এটি গত বছর একই সময়ের চেয়ে প্রায় ২০ দশমিক ৭৯ শতাংশ বেশি। তবে চলতি অর্থবছরের ৮১৫ কোটি ১৪ লাখ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ৪০ শতাংশ কম। ২০১০-১১ অর্থবছরে জুলাই-অক্টোবরে বাংলাদেশের প্রবাসী ৪৪টি মিশন থেকে রপ্তানি আয় হয়েছিল ৬৭২ কোটি ১৪ লাখ ডলার। গত অর্থবছরে মিশনগুলোর রপ্তানি আয় হয়েছিল দুই হাজার ২৯২ কোটি ৪৩ লাখ ডলার। সেখানে এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৬৫০ কোটি ডলার। লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম ২৩টি মিশন চলতি অর্থবছরের প্রথম চার মাসে ৪২৮ কোটি ৩৫ লাখ ডলার রপ্তানি আয় করেছে, যা মিশনগুলোর মোট লক্ষ্যমাত্রার চেয়ে ১১ দশমিক ৪৪ শতাংশ বেশি। অন্যদিকে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ ২১ মিশনের রপ্তানি আয় ৩৬০ কোটি ৬৩ লাখ ডলার, যা এই মিশনগুলোর সমন্বিত লক্ষ্যমাত্রার চেয়ে ১২ দশমিক ১৫ শতাংশ কম।ইপিবি তথ্যমতে, আলোচ্য সময়ে বাংলাদেশের ২৩টি মিশন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, যেখানে গত জুলাই-সেপ্টেম্বরে মাত্র ১৯টি মিশন লক্ষ্যমাত্রা পূরণ করেছিল। সেই হিসেবে অক্টোবরে কুয়ালালামপুর, ম্যানিলা, মস্কো ও মানামা—এই চারটি বাড়তি মিশন তাদের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে। এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে বার্লিন, লন্ডন, রোম, স্টকহোম, টোকিও, বেইজিং, দোহা, কলম্বো, ব্রাসেলস, মাসকট, সিঙ্গাপুর, মাদ্রিদ, সিউল, ব্রুনাই, প্রিটোরিয়া, নাইরোবি, দুবাই, থাসকেন্ট ও থিম্পু।অন্যদিকে যে ২১টি মিশন এবার লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে সেগুলোর মধ্যে ১৩টি মিশন গত অর্থবছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় বেশি করলেও এবারের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। সেগুলো হলো: ওয়াশিংটন, প্যারিস, নয়াদিল্লি, আম্মান, ইসলামাবাদ, হংকং, ব্যাংকক, ক্যানবেরা, রাবাত, অটোয়া, ত্রিপোলি, জার্কাতা ও তেহরান। তবে আটটি মিশনের রপ্তানি আয় চলতি অর্থবছরের চার মাসের লক্ষ্যমাত্রা ও গত অর্থবছরের একই সময় উভয় ক্ষেত্রেই কমেছে। এগুলো হলো: হাগ, হ্যানয়, কুয়েত, কাঠমান্ডু, আংকারা, রিয়াদ, ইয়াঙ্গুন ও কায়রো।ইপিবি তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবরে সবচেয়ে বেশি বার্লিন মিশন থেকে ১৩৭ কোটি ছয় লাখ ডলার রপ্তানি আয় হয়েছে, যা কিনা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৬২ শতাংশ বেশি। একই সঙ্গে তা গত অর্থবছরের একই সময়ের ১০২ কোটি ২৬ লাখ ডলারের চেয়ে ৩৪ দশমিক ০৩ শতাংশ বেশি। আলোচ্য সময়ে দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় করেছে লন্ডন মিশন। এর পরিমাণ ৮৬ কোটি ৯৮ লাখ ডলার, যা ৭৮ কোটি ৬১ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ১০ দশমিক ৬৬ শতাংশ বেশি। একই সঙ্গে তা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩১ দশমিক ৫৫ শতাংশ বেশি। ইপিবির তথ্যানুযায়ী, দেশের ১৬টি বৈদেশিক মিশনের বাণিজ্যিক শাখার (উইং) মধ্যে নয়টি আলোচ্য সময়ে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে। সেগুলো হলো: বার্লিন, লন্ডন, দুবাই, ব্রাসেলস, মাদ্রিদ, বেইজং, টোকিও, মস্কো ও কুয়ালালামপুর। অন্যদিকে সাতটি বাণিজ্যিক শাখা গত বছরের একই সময়ের চেয়ে রপ্তানি বেশি করলেও এবারের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ। রপ্তানিকারক ও ব্যবসায়ী নেতাদের দীর্ঘদিনের অভিযোগ, পণ্যের বাজার বাড়ানোর জন্য যেভাবে কাজ করা প্রয়োজন, অনেক মিশনই তা করে না। মিশনগুলো সক্রিয় হলে বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন তাঁরা।