২৩১ কোটি টাকার বন্ড ও আইপিও অনুমোদন
এএফসি অ্যাগ্রো বায়োটেক নামের নতুন এক কোম্পানির ১২ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন অনুমোদন করা হয়েছে। পাশাপাশি তালিকাভুক্ত ওয়ান ব্যাংকের ২২০ কোটি টাকার বন্ডও অনুমোদন দেওয়া হয়।
এ দুই মিলিয়ে গতকাল মঙ্গলবার ২৩১ কোটি টাকার মূলধন সংগ্রহের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় গতকাল এই অনুমোদন দেওয়া হয়। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসইসি জানিয়েছে, এএফসি অ্যাগ্রো বায়োটেক আইপিওতে এক কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১২ কোটি টাকা পুঁজি সংগ্রহ করবে। সংগৃহীত পুঁজি কোম্পানির যন্ত্রপাতি ক্রয় ও আইপিওর খরচ হিসাবে ব্যয় করা হবে। আইপিওতে কোম্পানিটির প্রতিটি শেয়ার বিক্রি হবে ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে। চলতি বছরের জুনে সমাপ্ত আর্থিক বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে ১ দশমিক শূন্য ১ টাকা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদের মূল্য বা এনএভি দেখানো হয়েছে ১১ টাকা ১০ পয়সা।
কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে ইমপেরিয়াল ক্যাপিটাল ও সিগমা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
এ ছাড়া কমিশনের গতকালের সভায় ওয়ান ব্যাংককে ২২০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেট বন্ড ছাড়ার অনুমোদন দেওয়া হয়। বন্ড ইস্যুর দিন থেকে পরবর্তী সাত বছর এটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে। ব্যাংকটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও প্রকৃত সম্পদশালী ব্যক্তিদের কাছে এই বন্ড বিক্রি করবে। এই বন্ডের প্রতি গুচ্ছের দাম নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা।
বিএসইসি জানিয়েছে, বন্ডের মাধ্যমে ওয়ান ব্যাংক যে অর্থ সংগ্রহ করবে, তা দিয়ে ব্যাংকটির মূলধনের ভিত্তি শক্তিশালী করা হবে। স্থায়ী আমানত বা এফডিআরের ছয় মাসের গড় সুদের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ সুদ যোগ করে বন্ডটির কুপনের হার নির্ধারণ করা হয়েছে।