ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামল শেষ দিনে ছিল ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
২৩৫ কোটি টাকার রপ্তানি আদেশ

মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) এবার ৩ কোটি ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা ২৩৫ কোটি ১৭ লাখ টাকার তাৎক্ষণিক রপ্তানি আদেশ মিলেছে। গতবার ছিল ৯৫ কোটি টাকা। এবার রপ্তানি আদেশ বেড়েছে ১৪০ কোটি টাকা।
রাজধানীর শেরেবাংলা নগরে ২১তম ডিআইটিএফের পর্দা নেমেছে গতকাল রোববার রাতে। তবে বিকেলেই সমাপনী অনুষ্ঠান হয়। এতে এবারের মেলাকে অন্য যেকোনো বারের চেয়ে সফল বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তারপরই রপ্তানি আদেশের এবারের পরিসংখ্যানটি দেন তিনি।
মেলার ৩১তম দিনে গতকাল সারা দিনই ছিল ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এ জন্য মেলার আশপাশের সড়কে দুপুর থেকে রাত পর্যন্ত দীর্ঘ যানজট দেখা যায়। অনেকে বেশ দূর থেকে হেঁটে মেলায় গেছেন। বিক্রেতাদের বিক্রিবাট্টা বেশ হয়েছে। বেলা তিনটায় প্রাণের ভোগ্যপণ্যের একটি প্যাভিলিয়নে গিয়ে দেখা যায়, অল্প কিছু পণ্য অবশিষ্ট আছে।
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পুরো মেলায় যে পরিমাণ পণ্য বিক্রি করেছে তার ওপর ১৭ লাখ ১৭ হাজার টাকা মূল সংযোজন কর (মূসক) দিয়েছে। আসবাব খাতের প্রতিষ্ঠান হাতিল দিয়েছে ১৬ লাখ ২১ হাজার টাকা মূসক। অন্যদিকে র্যাং গস ইলেকট্রনিকস দিয়েছে ১২ লাখ ৬০ হাজার টাকা। মূসক দেওয়ায় শীর্ষ এই তিন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মেলায় বিপুল ক্রেতা-দর্শনার্থীর সমাগমে উচ্ছ্বাস প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, মেলাটি জাতীয় বাণিজ্য উৎসবে পরিণত হয়েছে। তিনি জানান, চলতি বছর মেলার স্টল নির্মাণে ৩৯ কোটি টাকা ব্যয় হয়েছে। গতবার হয়েছিল ১৫ কোটি টাকা।
তোফায়েল আহমেদ বলেন, ‘সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ২০২১ সালে দেশের পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার কোটি ডলার। এর মধ্যে তৈরি পোশাক খাত থেকে আসবে ৫ হাজার কোটি ডলার। এখন পর্যন্ত আমরা যেভাবে এগোচ্ছি, তাতে লক্ষ্যমাত্রাটি অর্জন করতে পারব।’
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ তাঁর বক্তব্যে ভবিষ্যতে একই সঙ্গে দেশের প্রতিটি বিভাগীয় শহরে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন এবং এফবিসিসিআইকে মেলা আয়োজনে যৌথ আয়োজক হিসেবে রাখার পরামর্শ দেন। এই প্রস্তাবকে বাণিজ্যমন্ত্রী ইতিবাচক বলে উল্লেখ করে বিবেচনার আশ্বাসও দেন। একই কথা বলেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ও ইপিবির ভাইস চেয়ারম্যান বেগম মাফরূহা সুলতানা।
শীর্ষ মূসক দাতা প্রতিষ্ঠানের পাশাপাশি মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে ইপিবি ও বাণিজ্য মন্ত্রণালয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরিতে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি, হাতিল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আবুল খায়ের মিল্ক ও আকতার ফার্নিশার্স। সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরিতে কারুপণ্য রংপুর লিমিটেড, স্কয়ার ফুড ও শরীফ মেলামাইন।
জয়িতা ফাউন্ডেশন সংরক্ষিত প্যাভিলিয়ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ক্যাটাগরিতে রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জি, ইনসেপটা হাইজেনিক অ্যান্ড হস্পিকেয়ার, ওয়াশআউট, ম্যাক্স মোটরস এবং সাধারণ মিনি প্যাভিলিয়ন ক্যাটাগরিতে কেএটি লিমিটেড, বেঙ্গল বিস্কুট ও গ্রামীণ ডিস্ট্রিবিউশন। সংরক্ষিত মিনি প্যাভিলিয়নে পুরস্কার পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জনতা ব্যাংক, মিল্ক ভিটা ও ডাচ্-বাংলা ব্যাংক।
এ ছাড়া প্রিমিয়ার স্টল ক্যাটাগরিতে হেলাল অ্যান্ড ব্রাদার্স, সিঙ্গার বাংলাদেশ ও প্রাণ ডেইরি পুরস্কার পেয়েছে। ফুড স্টল ক্যাটাগরিতে কুটুমবাড়ী ও গোল্ডেন হার্ভেস্ট। সাধারণ স্টলে এগ্রো অর্গানিক, ইউরো স্টার হোম অ্যাপ্লায়েন্স ও স্মার্ট শকস। মহিলা উদ্যোক্তা ক্যাটাগরিতে টোটাল প্যাক অ্যান্ড প্যাকেজিং, মেসার্স পসরা ও কুষ্টিয়া হস্তশিল্প।