সাভারের রানা প্লাজা ধসের দিন ২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষণা করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম।
একই সঙ্গে এই ঘটনায় নিহত ও নিখোঁজ শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ৪৮ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
রাজধানীর তোপখানা রোডে কমরেড নির্মল সেন মিলনায়তনে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, মৃত্যুকালে শ্রমিকদের গড় বয়স ২৫ বছর ধরে ৬০ বছর পর্যন্ত কর্মক্ষম সময় হিসাব করে এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। এক বছর হয়ে গেল, অথচ বিজিএমইএ কোনো ক্ষতিপূরণই দিল না।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল প্রসঙ্গে মিশু বলেন, প্রধানমন্ত্রী কি তাঁর ত্রাণ তহবিলে দেওয়া দেশবাসীর টাকা মানবিক বিবেচনায় না দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে সুবিধামতো সময় বিতরণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তা না হলে মাত্র ২২ কোটি টাকা বিতরণ করে বাকি টাকা তুলে রাখার কারণ কী?
প্রসঙ্গত, রানা প্লাজার ঘটনায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়ে ১২৭ কোটি টাকা।
মোশরেফা মিশু বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তৎপরতা আর শিল্প শ্রমিকদের ক্ষতিপূরণ এক কথা নয়। রানা প্লাজার কারখানাগুলোতে কাজ করানো ১৫টি ক্রেতাপ্রতিষ্ঠান কোনো ক্ষতিপূরণ দেবে না বলে জানিয়েছে। তাই ২৪ এপ্রিলের মধ্যে এ বিষয়টি বিজিএমইএকে পরিষ্কার করে বলতে হবে যে শেষ পর্যন্ত এসব ক্রেতাপ্রতিষ্ঠান যদি ক্ষতিপূরণ দিতে রাজি না হয়, তাহলে কি ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা ক্ষতিপূরণ পাবে না? তিনি বলেন, ক্রেতাপ্রতিষ্ঠানগুলো মুনাফার জন্যই এ দেশ থেকে পোশাক তৈরি করিয়ে নেয়। তাই তাজরীন ও রানা প্লাজা ধসের দায় তাদেরও আছে। সে জন্যই ক্ষতিগ্রস্ত শ্রমিকদের তাদের ক্ষতিপূরণ দিতেই হবে।
ফোরামের অর্থ সম্পাদক শহীদুল ইসলামের অভিযোগ, নিখোঁজ শ্রমিকদের পরিবার এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণই পাননি।
সংবাদ সম্মেলনে রানা প্লাজার ভবন মলিক ও পোশাক কারখানা মালিকদের নামে হত্যা মামলা দায়ের করে তাঁদের শ্রমিক হত্যাকারী হিসেবে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা; আহত শ্রমিকদের চিকিৎসা ও পঙ্গু শ্রমিকদের পুনর্বাসন নিশ্চিত করা; প্রত্যেক নিহত-নিখোঁজ-পঙ্গু শ্রমিক পরিবারের একজনের চাকরি নিশ্চিত করা; রানা প্লাজার সব পোশাক কারখানার মালিকের সম্পত্তি বাজেয়াপ্ত করা; ২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষণা করার দাবি জানানো হয়।
এদিকে আগামীকাল সকাল আটটা থেকে সাভারে রানা প্লাজার ভবনের সামনে পুষ্পস্তবক অর্পণ এবং নয়টা থেকে কালো পতাকাসহ বিক্ষোভ মিছিল করার কর্মসূচি ঘোষণা করেছে ফোরাম।