২৪ ঘণ্টার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি আজ বিক্ষোভ মিছিল করে। ছবিটি রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে থেকে তোলা। ছবি: পাভেল রহমান
শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি আজ বিক্ষোভ মিছিল করে। ছবিটি রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে থেকে তোলা। ছবি: পাভেল রহমান

২৪ ঘণ্টার মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ করার সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে একটা পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিজিএমইএ ভবন ঘেরাও কর্মসূচি পালনকালে এ দাবি জানিয়েছে সংগঠনটি। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুমকি ​দিয়েছে সংগঠনটির নেতারা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশু। কমিটির অন্তর্ভুক্ত ১৫টি শ্রমিক সংগঠনের নেতারাও এ সময় বক্তব্য দেন।

মোশরেফা মিশু বলেন, ‘প্রতিবার ঈদের সময় মালিকেরা শ্রমিকদের বেতন-বোনাস দিতে এমন করেন, যেন তাঁরা শ্রমিকদের ভিক্ষা দিচ্ছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শ্রমিকদের পাওনা দুটি ঈদ বোনাস ও আগস্ট-সেপ্টেম্বর মাসের বেতন যদি না দেওয়া হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

মোশরেফা মিশু আরও বলেন, শ্রমিকেরা যদি ঈদ করতে না পারেন, তাহলে মালিকেরাও ঈদ করতে পারবেন না। শ্রমিকেরা ভিক্ষুকের মতো আন্দোলন করছেন, তাহলে সরকার কী করছে? দেশে এখন গণতন্ত্র নেই। মালিক তন্ত্র ও বিজিএমইএ তন্ত্র চলছে বলে মন্তব্য করেন তিনি।

শ্রমিক সংগ্রাম কমিটির নেতা জলি তালুকদার বলেন, শ্রম মন্ত্রণালয় বলেছে দেলোয়ারের কারখানা বন্ধ করার ঘোষণা অবৈধ। কারখানা যদি বন্ধ করতেই হয় তাহলে বৈধভাবে আইন অনুযায়ী শ্রমিকদের সব পাওনা পরিশোধ করতে হবে।

সরকারের পক্ষ থেকে আগামী ২ অক্টোবরের মধ্যে সব পোশাক কারখানার শ্রমিকদের বেতন এবং ২৮ সেপ্টেম্বরের মধ্যে ঈদ বোনাস পরিশোধের নির্দেশ ছিল। কিন্তু অধিকাংশ মালিকই এখনো পর্যন্ত শ্রমিকদের ঈদের বোনাস দেননি।