২৪টি কোম্পানিকে ফেরাতে চায় সিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওভার দ্য কাউন্টার (ওটিসি) বাজারে থাকা কোম্পানিগুলোর মধ্যে ২৪টি কোম্পানিকে মূল বাজারে ফিরিয়ে আনতে চায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এরই অংশ হিসেবে ওটিসি বাজারে থাকা ৫৪ কোম্পানির মধ্যে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করেছে সিএসই। সিএসইর পক্ষ থেকে ওই প্রতিবেদন এরই মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এসইসির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।এসইসি সূত্রে জানা যায়, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওটিসি বাজারে থাকা কোম্পানিগুলোর গতি ফেরানোর উদ্যোগ নেয় এসইসি। এ লক্ষ্যে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামান, নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম এবং পরিচালক মাহাবুবুল আলম। কমিটি খসড়া তালিকাসহ ওটিসির উন্নয়নে করণীয় বিষয়ক একটি প্রতিবেদন তৈরি করে কমিশনে জমা দেয়। এ ছাড়াও দুই স্টক এক্সচেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করে কমিশন।সিএসইর প্রতিবেদন সূত্রে জানা যায়, সিএসইর ওটিসি বাজারে থাকা কোম্পানিগুলোর মধ্যে মূল বাজারে ফিরিয়ে আনার যোগ্য বলে নির্ধারণ করা কোম্পানিগুলো হলো: তমিজউদ্দিন টেক্সটাইল মিলস, অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস, মুন্নু ফেব্রিকস, ওয়াটা কেমিক্যালস, নিলয় সিমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ওয়ান্ডারল্যান্ড টয়েজ, লেক্সো, আলফা টোব্যাকো ম্যানুফ্যাকচারিং, মিতা টেক্সটাইল, আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, পারফেইম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বেঙ্গল বিস্কিটস, গাছিহাটা অ্যাকুয়াকালচার ফার্ম, রাঙামাটি ফুড প্রোডাক্ট, গাল্ফ ফুডস, এক্সেলসর সুজ, বিডি মনোসপুল পেপার ম্যানুফ্যাকচারিং, ম্যাক এন্টারপ্রাইজ, ম্যাক পেপার ইন্ডাস্ট্রিজ, পদ্মা প্রিন্টার্স অ্যান্ড বোর্ড মিলস, সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস, জাগো করপোরেশন ও জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস।সিএসইর ওটিসি বাজারের এই কোম্পানিগুলো কার্যক্রম তথা নিয়মিত সাধারণ সভা, আর্থিক হিসাব বিবরণী দাখিল ও ডিমেট প্রক্রিয়া (ইলেকট্রনিক শেয়ারে রূপান্তর) সম্পন্ন করার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।এ বিষয়ে যোগাযোগ করলে সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেন জানান, সিএসইর ওটিসি বাজারে থাকা কোম্পানিগুলোর মধ্যে কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে মূল বাজারে ফেরানোর লক্ষ্যে ২৪টি কোম্পানির তালিকা প্রস্তুত করা হয়েছে। এক্ষেত্রে নিয়মিত সাধারণ সভা, হিসাব বিবরণী দাখিল ও ডিম্যাট প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে পরিপালনের জন্য আটটি কোম্পানিকে নির্দিষ্ট করা হয়েছে। বাকি ১৬টি কোম্পানিকে সিএসইর মূল মার্কেটে লেনদেনের জন্য ইলেকট্রনিক শেয়ারে রূপান্তর ও নিয়মিত হিসাব বিবরণী দাখিল করতে পারে বলে এসইসিকে জানানো হয়েছে। আর এই কোম্পানিগুলোর জন্য নতুন একটি ক্যাটাগরি ‘আর’ নির্ধারণ করার প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে এসইসির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানান তিনি।২০০৯ সালের ৫ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং ১ অক্টোবর সিএসইতে ওটিসি মার্কেট চালু করা হয়। শেয়ারবাজারে সবচেয়ে দুর্বল মৌলভিত্তির কোম্পানিগুলোকে এই বাজারে পাঠানো হয়। এর মধ্যে বেশির ভাগ কোম্পানিকে বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করা, শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়া এবং স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি নবায়ন ফি বকেয়া পড়ায় বিভিন্ন সময়ে প্রধান বাজার থেকে তালিকাচুত্য করে এই বাজারে পাঠানো হয়। আবার কয়েকটিকে কাগজের শেয়ার ইলেকট্রনিক শেয়ারে রূপান্তর বা ডিম্যাট না করার কারণেও ওটিসিতে পাঠানো হয়।