পণ্য ও যাত্রীবাহী নৌযানের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এক হাজার ৮৭৪ কোটি টাকার ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রকল্পটির আওতায় দেশের ৫৩টি নৌরুট বা নৌপথের ২৪টিতে ড্রেজিং বা খনন করা হবে। এর ফলে প্রায় আড়াই হাজার কিলোমিটার নৌপথের উন্নয়ন হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গতকাল প্রকল্পটি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সাতটি প্রকল্প অনুমোদন করা হয়।পরিকল্পনা কমিশন সূত্র জানায়, দেশে নৌপথের দৈর্ঘ্য প্রায় ২৪ হাজার কিলোমিটার। এর মধ্যে ১৯৬৩ সাল পর্যন্ত মাত্র আট হাজার কিলোমিটার নৌ-চলাচলের উপযোগী ছিল, যা কমে বর্তমানে ছয় হাজার কিলোমিটারে নেমে গেছে। বর্ষা মৌসুমে দেশের নদীগুলো ২ দশমিক ৪ বিলিয়ন বা ২৪০ কোটি টন পলি পরিবাহিত হয়, যা সারা বিশ্বের নদীগুলোর পরিবাহিত পলির প্রায় ১৯ শতাংশ। পলি ভরাটের কারণে এ দেশের নদীগুলোর নাব্যতা কমে গিয়ে জলযান চলাচল এবং সেচ ও মাছচাষের অনুপযোগী হয়ে পড়ছে।গতকালের একনেক সভায় দেশে চারটি নতুন মেরিন একাডেমি স্থাপনের লক্ষ্যে একটি প্রকল্প অনুমোদন করা হয়। ৩৪২ কোটি টাকা ব্যয়সাপেক্ষ এই প্রকল্পের আওতায় বরিশাল, পাবনা, রংপুর ও সিলেটে এসব একাডেমি স্থাপন করা হবে। এ ছাড়া সভায় দেশের ১৫৬টি উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের লক্ষ্যে ৮৮৯ কোটি টাকার আরেকটি প্রকল্প অনুমোদন করা হয়। সভা শেষে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম সাংবাদিকদের সামনে অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, গতকাল চার হাজার ৬৪৮ কোটি টাকা ব্যয়সাপেক্ষ যে সাতটি প্রকল্প অনুমোদন করা হয়েছে, তাতে সরকার নিজস্ব তহবিল থেকে তিন হাজার ৯৭৫ কোটি টাকা দেবে আর প্রকল্প সাহায্য থেকে ৬৭৩ কোটি টাকা নেবে। একনেক সভায় অনুমোদিত অন্য প্রকল্প হলো: ৭১০ কোটি টাকার ইন্ট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) অ্যান্ড মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ইন বাংলাদেশ (দ্বিতীয় সংশোধিত), ১৪৪ কোটি টাকার ইংলিশ ইন অ্যাকশন, ৬৪৬ কোটি টাকার টিচিং কোয়ালিটি ইম্প্রুভমেন্ট-২ ইন সেকেন্ডারি এডুকেশন এবং ৪৩ কোটি টাকার সমাজভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ (দ্বিতীয় পর্যায়)। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।