২৪তম বাটেক্সপো শুরু বৃহস্পতিবার

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত ২৪তম বাটেক্সপো (বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন) শুরু হচ্ছে বৃহস্পতিবার। তিন দিনব্যাপী তৈরি পোশাক ও বস্ত্রের এই আন্তর্জাতিক মেলায় থাকছে দেশি-বিদেশি ৮০টি স্টল।
এবারের আয়োজনটি বসছে রাজধানীর সোনারগাঁও হোটেলে। বাটেক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া।
বিজিএমইএ কার্যালয়ে গতকাল রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সমিতির সভাপতি মো. আতিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বর্তমান সহসভাপতি এস এম মান্নান ও শহিদুল্লাহ আজিম, বাটেক্সপোর প্রধান সমন্বয়কারী আবু মাহমুদ খান।
আতিকুল ইসলাম বলেন, ‘এবারের মেলায় এখন পর্যন্ত ৫৫ বিদেশি ক্রেতা আসবেন বলে নিশ্চিত করেছেন। এর মধ্যে ২৩ জন একেবারেই নতুন। ফলে সারা বিশ্বে মন্দা থাকলেও আমাদের প্রত্যাশা পূরণ হবে। এবারের বাটেক্সপোতে বেশি কার্যাদেশ পাওয়ার সম্ভাবনা আছে।’
সংবাদ সম্মেলনে জানান হয়, গত বাটেক্সপোতে মোট ছয় কোটি ১৭ লাখ ডলারের স্পট অর্ডার বা তাৎক্ষণিক কার্যাদেশ পাওয়া গিয়েছিল। এর মধ্যে ছয় কোটি ডলারের নতুন কাজের আর বাকিটা স্টকলটের। এবারের মেলায় তাৎক্ষণিক বিক্রিকে সামনে রেখে রেডি স্টক পোশাক প্রদর্শনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ বিষয়ে আতিকুল ইসলাম বলেন, ‘বিভিন্ন কারণে অনেক পোশাক কারখানার কার্যাদেশ বাতিল হয়েছে। সে জন্য উদ্যোক্তারা আমাদেরকে মেলায় বিশেষ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। সেই পরিপ্রেক্ষিতেই রেডি স্টক পোশাক প্রদর্শনের জন্য মেলায় চারটি স্টল বরাদ্দ করা হয়েছে।’
সমিতির সভাপতি আরও বলেন, ‘রানা প্লাজা ধসে অনেক শ্রমিক ভাইবোন হতাহত হওয়ায় আমরা শোকাহত ও স্তম্ভিত। তাঁদের প্রতি শ্রদ্ধা রেখে এবার বাটেক্সপোতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে না। সাদামাটাভাবে মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বাটেক্সপো উপলক্ষে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান হয়।