২৪৩ পোশাক কারখানায় নিরাপত্তাঝুঁকি আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ হাজার ৩৫৪টি তৈরি পোশাক কারখানার মধ্যে ২৪৩টিতে নিরাপত্তাঝুঁকি আছে। এসব কারখানা ভবনের কাঠামোগত, বৈদ্যুতিক ও অগ্নিসংক্রান্ত বিভিন্ন ছোট-বড় ত্রুটি আছে। তবে ১ হাজার ১১১ কারখানার কর্মপরিবেশ শ্রমিকদের জন্য নিরাপদ।
জাতীয় ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনার (এনটিএপি) অধীনে তৈরি পোশাক কারখানা পরিদর্শনের প্রাথমিক কার্যক্রম শেষ করেছে সরকার। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহায়তায় শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) কার্যক্রমটি পরিচালনা করছে। রাজধানীতে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে গতকাল সোমবার এক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, অধিদপ্তর ১ হাজার ৪৭৫টি পোশাক কারখানার পরিদর্শন শেষ করেছে। এর মধ্যে ১ হাজার ৩৫৪ কারখানার পরিদর্শন প্রতিবেদন বিশ্লেষণে ১৯ শতাংশ বা ২৪৩ কারখানায় ত্রুটি পাওয়া যায়। এর মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ ‘রেড’ ক্যাটাগরির ১৬ কারখানা রিভিউ প্যানেলে পাঠানো হয়। সেখান থেকে তিনটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। কারখানাগুলো হচ্ছে হেমা সোয়েটার, দোয়েল ফ্যাশন ও ইমিরাল ফ্যাশন। এখানে কাজ করতেন ৮৪৬ জন পোশাকশ্রমিক। এ ছাড়া ত্রুটিযুক্ত ২০৯ কারখানার ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট (ডিইএ) করতে নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি) সৈয়দ আহম্মদ বলেন, কোনো কারখানাই শতভাগ ত্রুটিমুক্ত নয়। পরিদর্শনে ১ হাজার ১১১ কারখানা ঝুঁকিমুক্ত পাওয়া গেছে। এসব কারখানাতেও ক্ষুদ্র ত্রুটি থাকতে পারে। তিনি বলেন, ‘৩১ অক্টোবর আমাদের পরিদর্শন কার্যক্রম শেষ করার কথা ছিল। সে হিসাবে ১২টি কারখানার পরিদর্শন এখন বাকি। কয়েক দিনের মধ্যেই এগুলো শেষ হবে। এ জন্য কারখানাগুলোকে অর্থ পরিশোধ করতে হবে। কারণ তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে করেনি।’
সৈয়দ আহম্মদ আরও বলেন, ‘ত্রুটিযুক্ত কারখানাগুলোর সংস্কার শেষ করাই এখন বড় চ্যালেঞ্জ। পরিদর্শন সম্পন্ন হওয়া কারখানাগুলোকে আগামী তিন মাসের মধ্যে সংস্কার পরিকল্পনা (ক্যাপ) জমা দিয়ে তা অনুমোদন করিয়ে নিতে বলা হয়েছে। এ জন্য অধিদপ্তরের পরিদর্শকদেরও যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।’ অবশ্য কবে নাগাদ সব কারখানার সংস্কারকাজ শেষ হবে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
জাতীয় এই উদ্যোগটি ছাড়াও ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড ও দক্ষিণ আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স কারখানা পরিদর্শন করছে। অধিদপ্তরের হিসাবে, দুই জোট ২ হাজার ১৮৫টি কারখানা পরিদর্শন করেছে। তুলনামূলকভাবে ভালো এই কারখানা বিশ্বের বড় ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের হয়ে কাজ করে। অন্যদিকে অধিদপ্তরের পরিদর্শন করা কারখানাগুলো রপ্তানি করে না। অন্য কারখানার ঠিকা কাজের (সাব-কন্ট্রাক্টিং) ভিত্তিতে এগুলোর উৎপাদন চলে। দুই জোটের পরিদর্শনে ঝুঁকিপূর্ণ কারখানা হিসেবে ৩৪টি বন্ধ হয়েছে। তবে অধিদপ্তরের পরিদর্শনে বন্ধ হয়েছে মাত্র তিনটি। তাহলে কি পরিদর্শন কার্যক্রমের মান ঠিক আছে? মালিকপক্ষ কার্যক্রমকে প্রভাবিত করছে কি? সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন করেন তিন-চারজন সাংবাদিক।
জবাবে সৈয়দ আহম্মদ বলেন, ‘মালিকদের প্রভাব আছে—সেই অভিযোগ অস্বীকার করছি। নিরাপত্তা ইস্যুতে আপস করার সুযোগ নেই। বড় ব্র্যান্ডের কাজ করলেই যে ভালো কারখানা হবে, তেমনটি ভাবার কোনো কারণ নেই। বেশি উৎপাদন সক্ষম কারখানাগুলোই বড় ব্র্যান্ড ও ক্রেতার কাজ করে আসছিল।’ তিনি আরও বলেন, রানা প্লাজা ধসের পর ২০১৩ সালের নভেম্বরে একটি মানদণ্ডের আওতায় তিনটি পক্ষ কারখানা পরিদর্শন শুরু হয়।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত আইএলওর এদেশীয় পরিচালক শ্রীনিবাস রেড্ডি বলেন, পুরো কার্যক্রমটি বাংলাদেশ সরকারের। আইএলও এতে সহায়তা করছে। তবে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতেই পরিদর্শন কার্যক্রম করছে তিন পক্ষ। এটা খুবই পরিষ্কার বিষয়। তিনি পরিদর্শনের কার্যক্রম শেষ হওয়াকে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, ‘এটি কেবল শুরু। সংস্কারকাজ শেষ করার মধ্য দিয়েই কার্যক্রমটি সমাপ্ত করতে হবে।’
অধিদপ্তর কেবল তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন-বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানা পরিদর্শন করেছে। দুই সংগঠনের বাইরেও কয়েক শ কারখানা রয়ে গেছে। এ ছাড়া পরিদর্শন শেষ হওয়া কারখানাগুলোর সংস্কারকাজের অর্থায়ন বিষয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই। এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে সৈয়দ আহম্মদ বলেন, কার্যক্রমের দ্বিতীয় ধাপে পরিদর্শনের বাইরে থাকা কারখানাগুলো পরিদর্শন হবে। তবে এখনই সময়সীমা বলা যাচ্ছে না। আর সংস্কারকাজের অর্থায়ন বিষয়ে তিনি বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব কারখানা মালিকের। কারখানা চালাতে হলে ক্ষমতা থাকতে হবে। তবে সরকারও অর্থায়ন বিষয়ে চিন্তাভাবনা করছে।