২৪৩টি কারখানা ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ২৪৩টি ঝুঁকিপূর্ণ পোশাক কারখানা চিহ্নিত করেছে সরকার। এর মধ্যে ২০টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। আর বাকি ঝুঁকিপূর্ণ কারখানাগুলোতে বর্তমানে কোনো কাজ চলছে না।

সচিবালয়ে গতকাল সোশ্যাল কমপ্লায়েন্স ফর আরএমজি কমিটির ২৩তম বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জিএম কাদের সাংবাদিকদের এসব তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ কারখানাগুলোকে ঝুঁকিমুক্ত করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, যার পর্যবেক্ষণ চলছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ৭৯৭টি কারখানা পরিদর্শন করে এই তালিকা তৈরি করেছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি তিনি এও জানান, তাজরীন দুর্ঘটনার পর থেকে এ পর্যন্ত দুই হাজার ৪০০ পোশাক কারখানা পরিদর্শন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিদর্শকেরা। এগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ নয়, তবে ত্রুটিপূর্ণ চিহ্নিত হয়েছে ৭০০টি কারখানা।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই কমিটি মিলে ঝুঁকিপূর্ণ ও ত্রুটিমুক্ত কারখানা তৈরির কাজ করেছে। 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পোশাকশিল্পে আমরা এখনো পুরোপুরি সক্ষমতা অর্জন করতে পারিনি।’ এ বিষয়ে কোনো সংস্থার পক্ষ থেকে সহায়তার আশ্বাস পেলে তাদের স্বাগত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

জানা গেছে, কারখানার ত্রুটি নিরসনে মালিক, বিজিএমইএ, বিকেএমইএ এবং শ্রম মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৈঠক সূত্র জানায়, রানা প্লাজা ট্র্যাজেডির জন্য ভবনের ত্রুটিপূর্ণ নকশা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, শপিং মলের অনুমোদন নিয়ে কারখানা স্থাপন, ছয়তলার অনুমোদন নিয়ে নয়তলা ভবন স্থাপন, ভবন বিধি অনুসরণ না করা এবং মালিক কর্তৃক জোরপূর্বক শ্রমিকদের কাজে পাঠানোর কথা আলোচনা হয়।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি সুবিধা অব্যাহত রাখতে বিজিএমইএ ও বিকেএমইএ লবিস্ট নিয়োগের প্রসঙ্গও ওঠে আসে বৈঠকে। জানা গেছে, এ বিষয়ে অগ্রগতি জানতে চেয়ে বাণিজ্য মন্ত্রণালয় চিঠি পাঠালেও কোনো জবাব দেয়নি সংগঠন দুটি।

টিকফা: এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ-সহায়তা ফোরাম চুক্তি (টিকফা) করার ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো চাপ নেই। এর সঙ্গে জিএসপিরও কোনো সম্পর্ক নেই।

বন্ধের নোটিশ প্রত্যাহার: গত ৪ মে আশুলিয়ায় আনজির অ্যাপারেলসের কারখানা ভবনের পঞ্চমতলা ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখতে নোটিশ দেওয়া হয়েছিল। কারখানা কর্তৃপক্ষ তদানুসারে উৎপাদন বন্ধ রেখে প্রকৌশলী ও বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে বিস্তারিত প্রতিবেদন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরে পাঠায়। তার ভিত্তিতে গতকাল আনজির অ্যাপারেলসের সাময়িক বন্ধ করার আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।