২৫ আগস্টের মধ্যে পোশাকশ্রমিকদের বেতন বোনাস দিতে হবে
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ঈদের বোনাস তাঁদের বেতনের ৫০ শতাংশের কম দেওয়া যাবে না। বোনাসসহ চলতি মাসের বেতন দিয়ে দিতে হবে ২৫ আগস্টের মধ্যে। সূত্র জানায়, গতকাল বুধবার সচিবালয়ে তৈরি পোশাক খাতের সোশ্যাল কমপ্লায়েন্স ফোরামের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, বাণিজ্যসচিব গোলাম হোসেন, শ্রমসচিব শফিক আলম মেহেদী, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি শফিকুল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকের পর সভার সিদ্ধান্ত বিষয়ে জানতে চাওয়া হলে বাণিজ্যমন্ত্রী ফারুক খান সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি। সাধারণত তৈরি পোশাক কারখানাগুলো আগের মাসের বেতন পরের মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করে থাকে। তাই জুলাইয়ের বেতন বাকি থাকলে, তা পরিশোধ করার ব্যাপারে তাগিদ দেওয়া হয় বৈঠকে। সূত্র জানায়, ঈদ সামনে রেখে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে, সেজন্য বিজিএমইএ, বিকেএমইএ ও শিল্প পুলিশের সমন্বয়ে কয়েকটি ভ্রাম্যমাণ দল গঠন করা হবে। দলগুলো ঘুরে ঘুরে দেখবে কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না। বৈঠকে ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও আশুলিয়াকে নিয়ে পাঁচটি আঞ্চলিক সংকট মোকাবিলা কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত বিজিএমইএ ও বিকেএমইএ মেনে নিয়েছে বলে জানা গেছে। তবে উভয় সমিতি সরকারের কাছে দাবি জানিয়েছে, এক মাসের জন্য হলেও তাদের স্বল্প সুদে যেন কিছু নগদ টাকা ঋণ দেওয়া হয়। বৈঠকের পর যোগাযোগ করা হলে বিজিএমইএর সভাপতি শফিকুল ইসলাম মহিউদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে জানান, বেতন-বোনাস নিয়ে গত ঈদে যেমন কোনো সমস্যা হয়নি, এবারও হবে না। তিনি বলেন, কোনো কারখানা মূল বেতনের ৫০ শতাংশ আবার কেউ কেউ বেশিও বোনাস দেয়। বিজিএমইএর সভাপতি আরও বলেন, অনেকে আবার যৌক্তিক কারণেই ঈদে শ্রমিকদের বেশি কিছু দিতে পারে না। তবে আগের মতোই শ্রমিকদের জন্য সুযোগ-সুবিধা অব্যাহত থাকবে এবং এবারও সবাই মিলে হাসিমুখে ঈদ করতে পারবেন বলে তিনি আশাবাদী।উল্লেখ্য, প্রতিবছরই ঈদের আগে তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করা নিয়ে নানা জটিলতা দেখা দেয়। এর ফলে পোশাকশিল্প খাতে শ্রম অসন্তোষ তৈরি হয়। এই শ্রম অসন্তোষ রোধ করতে দ্রুত বেতন-বোনাস পরিশোধ করার তাগিদ দেওয়া হয়েছে।