২৫ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গতি খুবই কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অনুষ্ঠিত সর্বশেষ বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) প্রতিশ্রুতি ও প্রাপ্তি নিয়ে বৈঠকে বসছে সরকার ও উন্নয়ন-সহযোগীরা। কাল রোববার বিডিএফ মূল্যায়ন বৈঠক অনুষ্ঠিত হবে।বৈঠকে প্রাধান্য পাবে সুশাসন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতসহ বিভিন্ন বিষয়। এ ছাড়া বিডিএফ বৈঠকের নির্ধারিত কর্মপরিকল্পনাগুলোর অগ্রগতি কতটা হয়েছে তারও মূল্যায়ন করা হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিডিএফ বৈঠকে সাতটি খাতে ২৫টি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। এর জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। ইতিমধ্যে এসব কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে ইআরডি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্য-উপাত্ত নিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে।ইআরডির প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবর মাস পর্যন্ত কর্মপরিকল্পনা অগ্রগতি বিশ্লেষণে সবচেয়ে পিছিয়ে আছে সুশাসন প্রতিষ্ঠা ও জ্বালানি খাত। দাতাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কর্মপরিকল্পনাগুলো নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো।আবার বিডিএফ ও জাতীয় কৌশল, যৌথ সহায়তা কৌশল ও বিদেশি সহায়তার কার্যকারিতা, প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু পরিবর্তন, পরিবহন ও যোগাযোগ, ডিজিটাল বাংলাদেশ—এই পাঁচটি খাতের কর্মপরিকল্পনার অগ্রগতিও চলছে ধীরগতিতে। ইআরডির এই প্রতিবেদনের তথ্য-উপাত্ত নিয়ে ‘বিডিএফ ফলোআপ’ বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষে একটি অবস্থানপত্র উপস্থাপন করা হবে বলে জানা গেছে। বিডিএফ বৈঠক নিয়ে ইআরডির অতিরিক্ত সচিব আরাস্তু খান প্রথম আলোকে বলেন, কর্মপরিকল্পনাগুলোর বেশ কিছু খাত নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে যেকোনো কাজ নির্ধারিত সময়ে শেষ করা যাচ্ছে না। যদিও গত অর্থবছরে নির্ধারিত সময়ে শেষ করতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রায় ৩ শতাংশ বেশি অর্থ ব্যয় হয়েছে। তিনি আরও জানান, বিডিএফ ফলোআপ বৈঠকে মূলত সরকারের নীতিগুলোর সঙ্গে উন্নয়ন-সহযোগীদের অবস্থানের সমন্বয় করা হবে। এ ছাড়া আগামী তিন বছরে সরকার কী কী কাজ করবে তারও মূল্যায়ন হবে এই বৈঠকে। সুশাসন প্রতিষ্ঠা: স্থানীয় সরকার ও প্রশাসন সংস্কারের কাজ ২০১০ সালের আগস্ট মাসের মধ্যে শেষ করার কথা থাকলেও তা করা সম্ভব হয়নি। ইআরডির প্রতিবেদনে বলা হয়েছে, প্রক্রিয়াটি বাস্তবায়নাধীন রয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বিধিবিধান প্রস্তুতির প্রক্রিয়া চলছে এবং বাজেট বিকেন্দ্রীকরণে ‘জেলা বাজেট’ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্যদিকে নতুন প্রশাসনিক কাঠামো গঠনের জন্য কমিটি গঠন করা হয়েছে।এ ছাড়া দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন ও মানবাধিকার কমিশনসহ বিভিন্ন গণতন্ত্র সুসংহত করার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার প্রক্রিয়া থমকে আছে—এমন চিত্রই পাওয়া গেছে ইআরডির প্রতিবেদনে। দুর্নীতি দমন কমিশনকে বিকেন্দ্রীকরণ কাঠামো মন্ত্রিপরিষদের সভায় অনুমোদন দেওয়া হয়েছে। তবে নির্বাচন কমিশন ও মানবাধিকার কমিশনের অগ্রগতি সম্পর্কে হালনাগাদ তথ্য দেওয়া নেই ইআরডির প্রতিবেদনে। এসব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার জন্য দাতারা সর্বশেষ বিডিএফ বৈঠকে সরকারের ওপর চাপ সৃষ্টি করেছিল। এমনকি দুর্নীতি দমন কমিশনকে দুর্বল করা হচ্ছে বলেও অনেক দাতা প্রতিনিধি সমালোচনা করেছিলেন।অন্যদিকে অভ্যন্তরীণ সম্পদ আহরণ প্রক্রিয়াকে আরও গতিশীল করার লক্ষ্যে আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) ও কাস্টমস অফিস সম্প্রসারণের শর্ত দিয়েছিল। এসব কার্যক্রম সম্পন্ন করার জন্য গত জুলাই মাসের সময় বেঁধে দেওয়া হলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তা করতে পারেনি। তবে আয়কর, মূসক ও কাস্টমস অফিস সম্প্রসারণের প্রক্রিয়া চলছে বলে এনবিআর থেকে অভিমত দেওয়া হয়েছে। আয়কর, মূসক আইন প্রণয়নে কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি: বিডিএফের বৈঠকে গত জুলাই মাসের মধ্যে কয়লানীতি চূড়ান্ত করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কয়লানীতি চূড়ান্ত করা সম্ভব হয়নি। তবে বিডিএফ ফলোআপ বৈঠকে জানানো হবে, কয়লানীতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা প্রকাশ করা হবে।গত সেপ্টেম্বর মাসের আগেই সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি (সেডা) গঠনের কথা থাকলেও তা করা সম্ভব হয়নি। এ ছাড়া ডিসেম্বর মাসের মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ তহবিল গঠনের কথা ছিল। সরকার সরকারি-বেসরকারি অংশীদারিতে (পিপিপি) চলতি অর্থবছরের বাজেটে এক হাজার ৬০০ কোটি টাকার বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল গঠন করেছে। কিন্তু তহবিলের কোনো অর্থ ব্যবহারের খবর পাওয়া যায়নি। অগ্রগতিসমূহ: বিডিএফ বৈঠকের নির্ধারিত ২৫ কর্মপরিকল্পনায় যেসব খাতে কিছুটা অগ্রগতি হয়েছে, তার বিবরণও তুলে ধরা হয়েছে ইআরডির প্রতিবেদনে। ইআরডির প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ বিডিএফ বৈঠকে নিয়মিত ফোরামের বৈঠক অনুষ্ঠানের বিষয়টি কর্মপরিকল্পনায় রয়েছে। আগামী বছরের মার্চ থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই বৈঠক অনুষ্ঠানের বিষয়ে একমত সরকার ও উন্নয়ন-সহযোগীরা। এ ছাড়া চলতি বছরের মধ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল বিডিএফ বৈঠকে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) ইতিমধ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম খসড়া তৈরি করেছে।গত জুন মাসের মধ্যে উন্নয়ন-সহযোগীদের সঙ্গে বাংলাদেশ সরকারের যৌথ সহায়তা কৌশল (জেসিএস) চুক্তি করার সময় বেঁধে দেওয়া হয়েছিল। গত জুন মাসেই উভয় পক্ষের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে। এ ছাড়া বিদেশি সহায়তার কার্যকারিতা নিশ্চিত করার জন্য যৌথ কর্মদল গঠন করা হয়েছে। বিডিএফ বৈঠকে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে একটি বহুমাত্রিক পরিবহন কৌশল ও কর্মপরিকল্পনা তৈরির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। পরিকল্পনা কমিশনের পরিবহন খাত সমন্বয় শাখা ইতিমধ্যে একটি খসড়া তৈরি করে যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। এখন যোগাযোগ মন্ত্রণালয় বহুমাত্রিক পরিবহন কৌশল ও কর্মপরিকল্পনার খসড়াটি অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ সভায় পাঠাবে। তবে ডিসেম্বর মাসের মধ্যে সড়ক ব্যবস্থাপনা তহবিল নামে একটি তহবিল গঠনের কথা থাকলেও ইআরডির প্রতিবেদনে এর অগ্রগতি সম্পর্কে তথ্য দেয়নি।বিডিএফ মূল্যায়ন বৈঠক: আগামীকাল ৭ নভেম্বর অনুষ্ঠেয় এই মূল্যায়ন বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা ছাড়াও বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) উন্নয়ন-সহযোগীদের স্থানীয় প্রতিনিধিরা অংশ নেবেন। এনইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী এই বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান উপস্থিত থাকবেন।বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বশেষ বিডিএফ বৈঠকে নির্ধারিত ২৫টি কর্মপরিকল্পনার অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করা হবে। ইআরডির কর্মকর্তারা প্রথম আলোকে জানান, এই ফলোআপ বৈঠকে মূলত সুশাসন প্রতিষ্ঠা, অবকাঠামো, জলবায়ু পরিবর্তন, আইসিটি খাত প্রাধান্য পাবে।