২৫ কোটি টাকার লেনদেন নিষ্পত্তির নিশ্চয়তা তহবিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেনদেন নিষ্পত্তির নিশ্চয়তা তহবিল বা সেটেলমেন্ট গ্যারান্টি ফান্ড নামে ২৫ কোটি টাকার নতুন একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। এ ছাড়া বিনিয়োগকারী সুরক্ষা তহবিল বা ইনভেস্টর প্রোটেকশন ফান্ড নামে বিদ্যমান তহবিলের আকার বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ডিএসইর একাধিক পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, সেটেলমেন্ট গ্যারান্টি ফান্ডের প্রাথমিক আকার ঠিক করা হয়েছে ২৫ কোটি টাকা। এর মধ্যে ২০ কোটি টাকার জোগান দেবে ডিএসই। আর সংস্থাটির প্রত্যেক সদস্যের কাছ থেকে আড়াই লাখ টাকা করে নেওয়া হবে। এ ছাড়া প্রতিবছর শেষে ডিএসইর প্রকৃত মুনাফার ৫ শতাংশ এই তহবিলে যুক্ত হবে। ভবিষ্যতে এই তহবিলের আকার আরও বড় হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তহবিলটির ব্যবহার সম্পর্কে ডিএসইর ঊর্ধ্বতন সহসভাপতি আহমেদ রশীদ লালী প্রথম আলোকে বলেন, ‘যদি কোনো সদস্য কোনো কারণে লেনদেন নিষ্পত্তিতে ব্যর্থ হন, তাহলে তাৎক্ষণিকভাবে এই তহবিল থেকে সহায়তা দেওয়া হবে। পরে ওই অর্থ সদস্যের কাছ থেকে আদায় করে নেবে ডিএসই। লেনদেন অনিষ্পন্ন থাকার মতো কোনো ঘটনা না ঘটে, সে জন্যই এ তহবিল গঠন করা হয়েছে। ’তহবিলের অর্থ ব্যবহার বা কীভাবে এটি পরিচালিত হবে, তার জন্য পরবর্তী সময়ে একটি গাইডলাইন তৈরি করা হবে বলে ডিএসইর এই নেতা জানান। এর বাইরে ইনভেস্টর প্রোটেকশন ফান্ডের আকার দুই কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তহবিলে বাড়তি তিন কোটি টাকার জোগান দেবে ডিএসই।