সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর (আইডিএ) কাছে অতিরিক্ত ২৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের সহায়তা চাওয়া হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন। বিনিয়োগ উন্নয়ন ও আর্থিক সহায়তা প্রকল্পে (আইপিএফএফ) অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এই অর্থ চাওয়া হয়।বাংলাদেশ ব্যাংকে সম্প্রতি অনুষ্ঠিত আইপিএফএফ প্রকল্প বাস্তবায়নকারী কমিটির বৈঠকে এ তথ্য প্রকাশ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান, আইপিএফএফ প্রকল্পের পরিচালক ও বাস্তবায়নকারী কমিটির সদস্যসচিবসহ অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), বিনিয়োগ বোর্ডের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পক্ষে বাংলাদেশ ব্যাংক প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। এ ব্যাপারে সরকারের সঙ্গে ২০০৬ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের একটি চুক্তি হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আইপিএফএফ প্রকল্পের আওতায় বিদ্যুত্ উত্পাদন, সঞ্চালন, বিতরণসহ নৌ-সমুদ্র ও স্থলবন্দর উন্নয়ন; পরিবেশ-শিল্প বর্জ্য ব্যবস্থাপনা, উড়াল সেতুসহ মহাসড়ক ও একপ্রেসওয়ে, পানি সরবরাহ, পয়োনিষ্কাশনব্যবস্থা, শিল্প এলাকা, পার্ক উন্নয়ন প্রভৃতি কর্মসূচিতে অর্থায়ন করা হবে।৪০০ কোটি টাকার এ প্রকল্পের ৩৯১ কোটি ৩৪ লাখ টাকা বা ৯৭ শতাংশ অর্থ ইতিমধ্যে ১৭৮ মেগাওয়াটসম্পন্ন সাতটি ক্ষুদ্র বিদ্যুেকন্দ্র স্থাপনে ঋণ দেওয়া হয়েছে। এ ছাড়া মোট ১৭ কোটি ৪২ লাখ টাকার কারিগরি সহায়তার মধ্যে চার কোটি ৯৪ লাখ বা ২৮ দশমিক ৩৬ শতাংশ অর্থ ব্যবহার করা হয়েছে।আইপিএফএফ প্রকল্প থেকে যেসব প্রকল্পে ইতিমধ্যে অর্থায়ন করা হয়েছে—ডরিন পাওয়ার জেনারেশন্স অ্যান্ড সিস্টেমস (তিনটি প্রকল্প, প্রতিটি ২২ মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন), ডরিন পাওয়ার হাউস অ্যান্ড টেকনোলজিস (১১ মেগাওয়াট), রিজেন্ট পাওয়ার লিমিটেড (২২ মেগাওয়াট) এবং মালঞ্চ হোল্ডিংসের দুটি ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টস (একটি ৪৪ মেগাওয়াট, অন্যটি ৩৫ মেগাওয়াট)। শেষের দুটি ছাড়া অন্যগুলো বর্তমানে জাতীয় গ্রিডে বিদ্যুত্ সরবরাহ করছে।এসব বিদ্যুত্ প্রকল্পে অর্থায়নে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে—এনসিসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), ঢাকা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, আইআইডিএফসি, উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস ও আইডিএলসি ফিন্যান্স লিমিটেড।