২৫ বছর পর ভৈরব চেম্বারের নির্বাচন হচ্ছে কাল
প্রতিষ্ঠার ২৫ বছর পর প্রথমবারের মতো কাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন।
জানা গেছে, ১৯৮৭ সালে ভৈরব চেম্বারের যাত্রা শুরুর সময় থেকেই আলোচনার মাধ্যমে কার্যনির্বাহী পর্ষদ গঠিত হয়ে এসেছে। এর মধ্যে প্রথম ২১ বছর সভাপতি ছিলেন আলী হোসেন মিয়া। সর্বশেষ চার বছর ছিলেন আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি সায়দুল্লাহ মিয়া।
চেম্বারের ভোটার সংখ্যা ২৬৫। ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
ইতিমধ্যে নির্বাচনী প্রচার-প্রচারণা বেশ জমে উঠেছে।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন—ভৈরব খাদ্যশস্য বণিক সমিতির সভাপতি হুমায়ুন কবির ও ভৈরব পৌর পরিষদের সাবেক কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন। জ্যেষ্ঠ সহসভাপতি পদে তিনজন—অধ্যাপক শামসুজ্জামান, আ. মালেক ও আ. হক এবং সহসভাপতি পদে তিনজন—শেফায়েত উল্লাহ, আ. এ মারুকী শাহিন ও তারিক আহমেদ। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ জন।
হুমায়ুন কবির বলেন, প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন-প্রক্রিয়া চালু হওয়ায় সংগঠনটি ব্যবসায়ীদের প্রয়োজন ও বন্দরের উন্নয়নে আরও বেশি সহায়ক হবে।
আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ভৈরব বাণিজ্যের শহর। যোগ্য নেতৃত্বই কেবল এখানকার ব্যবসায় গতি আনতে পারে। গণতান্ত্রিক-প্রক্রিয়ায় সেই নেতৃত্ব প্রতিষ্ঠারই স্বপ্ন দেখছি আমরা।’