২৫ বছরের আনন্দময় সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসঙ্গে বিল গেটস ও ওয়ারেন বাফেট
একসঙ্গে বিল গেটস ও ওয়ারেন বাফেট

আমার মা ১৯৯১ সালে হুড ক্যানালে আমাদের বাড়িতে কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করার জন্য ডাকলেন। সেখানে ছিলেন ওয়ারেন বাফেটও। প্রথম দেখায় মনে হয়েছিল দুজনের বন্ধুত্বটা ঠিক জমবে না। আমার সব মনোযোগ প্রযুক্তিকে ঘিরে আর ওয়ারেন, ই-মেইল ব্যবহার করেন না। সেই তিনিই আমার বন্ধু হবেন...

বেশির ভাগ বন্ধুর সঙ্গে প্রথম পরিচয়ের স্মৃতি আমার মনে নেই। তবে ওয়ারেন বাফেটের সঙ্গে প্রথম পরিচয়ের দিনটি খুব ভালোভাবে মনে আছে। দিনটি ২৫ বছর আগে: ৫ জুলাই, ১৯৯১।

দিনটির কথা ভালোভাবে মনে থাকার কারণ, এই দিনে আমার ও মেলিন্ডার (বিল গেটসের স্ত্রী) জীবনে একটা নতুন ও অপ্রত্যাশিত বন্ধুত্বের সূচনা হয়, যা আমাদের দুজনের জীবনকেই সম্ভব সব দিক থেকেই বদলে দিয়েছে।

ওয়ারেন আমাদের দুটি বিষয় শিখিয়েছেন, যেটা এক জীবনে করা অনেকটাই অসম্ভব। বিষয় দুটি হলো একই সময়ে যত বেশি সম্ভব নতুন বিষয় শেখা ও হাসতে পারা।

২৫ বছর ধরে দুটি বিষয় আমরা খুব ভালোভাবে করতে পেরেছি। ওয়ারেন বাফেটের বিশাল প্রজ্ঞার ভান্ডার থেকে পাওয়া কিছু মূল্যবান পরামর্শ নিয়ে মেলিন্ডা ও আমি প্রায়ই ভাবি। আবার তাঁর বলা বা করা আনন্দঘন কিছু মুহূর্তের কথা মনে করেও আমরা খুব হাসি। বন্ধুত্বের ২৫ বছর পূর্তির এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে একসঙ্গে কাটানো চমৎকার কিছু স্মৃতির কথা তুলে ধরছি।

.
.

একটি বিব্রতকর সূচনা: প্রথম দেখায় মনে হয়েছিল ওয়ারেন আর আমার বন্ধুত্ব ঠিক জমবে না। আমার সব মনোযোগ প্রযুক্তিকে ঘিরে আর ওয়ারেন এমন এক ব্যক্তি, যিনি ই-মেইল ব্যবহার করেন না। সেই তিনিই আমার বন্ধু হবেন, এটা আমার দূরতম কল্পনায়ও ছিল না।
আমার মা ১৯৯১ সালে হুড ক্যানালে আমাদের অবকাশকালীন বাড়িতে কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করার জন্য ডাকলেন। ওই বন্ধুদের মধ্যে ওয়ারেন বাফেটও ছিলেন। সেখানে আমার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। মাকে বলেছিলাম, কাজ নিয়ে খুব ব্যস্ত আছি, এখন যেতে পারব না। মা উল্টো আমাকে বলেছিলেন, ওয়ারেনের সঙ্গে দেখা হলে ভালো লাগবে। কিন্তু এরপরও খুব একটা আগ্রহ হয়নি। মাকে বলেছিলাম, ‘দেখো, তিনি কিছু কাগজপত্র কেনাবেচার ব্যবসা করেন, যেটার কোনো প্রকৃত মূল্য নেই। মনে হয় না আমাদের দুজনের বন্ধুত্ব হওয়ার মতো বেশি কিছু বিষয় আছে।’ তবে শেষমেশ মায়ের আগ্রহেই আমি যেতে রাজি হই। তবে শর্ত দিয়েছিলাম, দুই ঘণ্টার বেশি সেখানে থাকব না।
এরপর ওয়ারেনের সঙ্গে আমার দেখা হয়। সফটওয়্যার ব্যবসা সম্পর্কে তিনি আমাকে কিছু প্রশ্ন করেন। আইবিএমের সঙ্গে ব্যবসা করে পেরে ওঠার মতো কী এমন দক্ষতা ও বাজারমূল্য মাইক্রোসফটের মতো একটা ছোট কোম্পানির আছে, সে বিষয়ে তিনি জানতে চান। বাফেট এমনই বিস্ময়কর কিছু প্রশ্ন করেন, যা আগে কেউ কখনো আমাকে করেনি। এরপর আমরা গল্পের মধ্যে মিশে যাই, এভাবে ঘণ্টার পর ঘণ্টা সময় কেটে যায়। পরিচয় হওয়ার সময় ওয়ারেন নিজেকে একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে পরিচয় দেন। নিজের পেশা সম্পর্কে সব সময়ই তাঁকে এমন বিনীত থাকতে দেখেছি। ওয়ারেনের রসবোধও খুব প্রখর, তবে সারা বিশ্ব সম্পর্কে তাঁর পরিষ্কার ধারণা থাকার গুণটি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। পরিচয়ের প্রথম দিন থেকেই তাঁর সঙ্গে আমার একটি গভীর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়।

প্রাতরাশে ওরিও খাওয়া:  ওয়ারেনের বিষয়ে বিস্ময়কর একটি তথ্য হলো, ছয় বছর বয়সে তিনি যে খাবার খেয়ে প্রাতরাশ করতেন, এখনো সেই খাবারই তিনি খেয়ে যাচ্ছেন। শিশুদের খাবার যদিও আগেই ছেড়েছেন, তবে এখনো হ্যামবার্গার, আইসক্রিম ও কোক খেতেই তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন। (তাঁর সঙ্গে রাতের খাবার খেতে যাওয়ার মজা এ জন্যই বেশি)। প্রথম যেদিন তিনি আমার বাসায় থাকতে এলেন, সেদিনের স্মৃতি এখনো মনে আছে। কারণ সেদিন তিনি এক প্যাকেট ওরিও দিয়ে প্রাতরাশ সারেন। আমার সন্তানেরাও সেই খাবারে ভাগ বসিয়েছিল। খাবার-দাবারের ক্ষেত্রে তিনি তরুণ প্রজন্মের জন্য হয়তো অনুকরণীয় নন, তবে তাতে তাঁর কিছু আসে যায় না।

‘খাবারঘর নিয়ে যা করেছেন, এ জন্য আমরা আপনাকে ভালোবাসি, ওয়ারেন’: ওমাহায় ওয়ারেন তাঁর বাড়িতে যখন মেলিন্ডা আর আমাকে প্রথম দাওয়াত দেন, তখন তিনি আমাদের পুরো বাড়িটা নিজে ঘুরিয়ে দেখান। খাবারঘরে প্রবেশ করে সেখানে চেয়ারে বসার কোনো কুশন না দেখে আমরা বিস্মিত হই। ওয়ারেনও আমাদের মতো একই রকম বিস্মিত হন। এরপর চেয়ারগুলো দেখে তিনি বলতে থাকেন, ‘ঘটনাটা কী?’ এরপর জানা গেল, কুশনগুলো মেরামতের জন্য আরও মাস খানেক আগেই সরানো হয়েছে, যা তিনি এত দিন খেয়াল করেননি (কুশন ছাড়া চেয়ারে বসেই তিনি এত দিন তাঁর প্রিয় ওরিও ও আইসক্রিম খেয়ে এসেছেন)। ওই ঘটনা মনে করে এখনো আমরা হাসি।

বিশ্বমানের পরামর্শের জন্য ২ চাপুন:  দ্রুত টেলিফোন করার জন্য আমার অফিসে দুটি নম্বরকে স্পিড ডায়াল করা আছে। একটি হলো আমার বাসার নম্বর, অন্যটি ওয়ারেনের নম্বর। যে সপ্তাহে ওয়ারেন আমার সঙ্গে ফোনে কথা বলেন, সেই সপ্তাহটি আমার জন্য হয়ে যায় বিশেষ মূল্যবান। তাঁর কাছ থেকে বিভিন্ন বিষয়ে আমি ক্রমাগত শিখেই চলেছি। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, রাজনীতি, সাম্প্রতিক বৈশ্বিক ঘটনা ও নতুন উদ্ভাবনের বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলি। ওয়ারেনের মতো ভিন্ন চিন্তাধারার একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে সব সময়ই একধরনের রোমাঞ্চ অনুভব করি। তাঁর আছে একজন অর্থনীতিবিষয়ক বিনিয়োগকারীর দৃষ্টিভঙ্গি আর আমার আছে প্রযুক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। আমাদের ফাউন্ডেশনের ট্রাস্টি হিসেবে মেলিন্ডা ও আমার জন্য তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন পরামর্শদাতা। কোনো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়লে এখন আমরা ভাবি, ‘এ অবস্থায় ওয়ারেন কী করতেন?’ এটা আমাদের সবচেয়ে ভালো উত্তর খুঁজে পেতে সাহায্য করে। বেশির ভাগ সময়েই ওয়ারেন ও আমি বন্ধু হিসেবেই চলি, তবে কিছু বিষয়ে তিনি আমার চেয়ে এত বেশি জ্ঞান রাখেন যে তখন তাঁকে আমার অভিভাবক মনে হয়।

বিনিয়োগের মোহ: ব্যবসায় বিনিয়োগে দূরদৃষ্টিসম্পন্ন চিন্তা-চেতনার কারণে ওয়ারেনকে বলা হয় ‘ওমাহার ওরাকল’। তবে জনসম্পদ বা দক্ষ লোকবল তৈরিতে কীভাবে বিনিয়োগ করতে হয়, সেটিও তিনি খুব ভালো জানেন। মানুষকে নিজের প্রতি সম্মোহিত করতে এবং শেখার প্রতি আগ্রহী করতে তাঁর অসাধারণ ক্ষমতা আমাকে বিস্মিত করে। কাজ নিয়ে তিনি সব সময়ই খুব ব্যস্ত থাকেন, তবু কীভাবে যেন আমার মতো কিছু লোকের জন্য তিনি সময় বের করে ফেলেন। তিনি ফোনে সাধারণ ‘হ্যালো’ বলে কথা শুরু করেন। পড়তে আগ্রহী হবে এমনটি ভেবে বিভিন্ন বিষয়ে পড়া প্রবন্ধ তিনি মেইলে মেলিন্ডা ও আমাকে নিয়মিত পাঠান।

গত ২৫ বছরে ওয়ারেনের কাছ থেকে যত কিছু আমি শিখেছি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বন্ধুত্বের প্রকৃত সংজ্ঞা। আপনি বা আমি সারা জীবন যেমন একজন বন্ধুর খোঁজ করি, ওয়ারেন ঠিক তেমনই একজন। ওয়ারেনের মতো চিন্তাশীল ও মহৎ হৃদয়ের অধিকারী একজনকে বন্ধু হিসেবে পাওয়া সত্যিই বড় সৌভাগ্যের। মানুষের সঙ্গে এতটা আপনভাবে তিনি মিশতে পারেন এবং জীবনের আনন্দময় দিকগুলো এমনভাবে তিনি বলেন, যা সব সময়ই একটা ভালো লাগার অনুভূতি তৈরি করে।

এখন পর্যন্ত আমি যত দিন ওমাহায় তাঁর বাড়িতে গিয়েছি (যখনই সুযোগ মেলে তখনই যেতে চেষ্টা করি), প্রতিবারই ওয়ারেন নিজে গাড়ি চালিয়ে এসে আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে গেছেন। এটা খুব সাধারণ একটা সৌজন্য মনে হতে পারে, কিন্তু আমার কাছে এই পাওয়াকে এক পৃথিবী সমান মনে হয়। তাঁর বাড়ি যাওয়ার প্লেনে যখন উঠি, তখন থেকেই সময় গুনতে থাকি কখন প্লেনের দরজা খুলবে আর আমার জন্য অপেক্ষায় থাকা ওয়ারেনের মুখটি আমি দেখব। ভাবতে থাকি কোনো নতুন ঘটনা বা হাসির কথা তিনি বলবেন, যা শুনে একই সঙ্গে কিছু শিখব, আবার প্রাণ খুলে হাসতেও পারব।

বিনিয়োগগুরু-খ্যাত ওয়ারেন বাফেটের সঙ্গে ২৫ বছরের বন্ধুত্ব বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের। বন্ধুত্বের রজতজয়ন্তী উপলক্ষে ৫ জুলাই বিল গেটসের নিজস্ব ব্লগ ‘গেটস নোটসে’ প্রকাশিত লেখাটি অনুবাদ করেছেন

আশরাফুল ইসলাম