২৫ মার্চ ডিএসইতে এমএসএ প্লাস সফটওয়্যার চালু হচ্ছে না
মার্চেন্ট ব্যাংকের অমনিবাস জটিলতার কারণে ২৫ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চালু হচ্ছে না এমএসএ প্লাস সফটওয়্যার বা ইন্টারনেট-ভিত্তিক লেনদেন। আজ সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা স্টক এক্সচেঞ্জের ‘এমএসএ প্লাস গো লাইফ প্রোগ্রাম’ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাবের লেনদেন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ২৫ মার্চ ওই প্রোগ্রাম চালুর বিষয়টি আপাতত স্থগিত করা হয়েছে।’ খুব শিগগিরই চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এর আগে ডিএসইর পক্ষ থেকে ২৫ মার্চ ইন্টারনেট-ভিত্তিক লেনদেন বা এমএসএ প্লাস সফটওয়্যার চালু করার ঘোষণা দেওয়া হয়। এ ক্ষেত্রে বেশ কিছু সমস্যা পরিলক্ষিত হওয়ায় ২৫ মার্চ সফটওয়্যারটি চালুর বিষয়টি আজ স্থগিত করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মার্চেন্ট ব্যাংকের অমনিবাসে একটিমাত্র বিও হিসাবের অধীনে হাজার হাজার গ্রাহক থাকে। ফলে এসব হিসাব থেকে অনলাইনে শেয়ার কেনা-বেচা হলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই এ বিষয়ে এসইসিকে পদক্ষেপ নিতে বলে ডিএসই কর্তৃপক্ষ।এ ব্যাপারে ডিএসইর সহসভাপতি মো. শাহজাহান প্রথম আলো অনলাইনকে বলেন, এমএসএ প্লাস সফটওয়্যার চালুর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেওয়ায় সফটওয়্যারটি চালুর বিষয়টি আপাতত স্থগিত করা হয়েছে।