২৫ মে দোকান বন্ধ রেখে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছর থেকে কার্যকর হতে যাওয়া মূল্য সংযোজন কর (মূসক) আইনে প্যাকেজ মূসক-ব্যবস্থা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ঢাকা দক্ষিণ ব্যবসায়ী ফোরাম। এ দাবি না মানলে ২৫ মে ঢাকার দোকানপাট এক ঘণ্টা বন্ধ রেখে মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু মোতালেব।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল শনিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ কর্মসূচি পালনের আগেই সরকার দাবিটি মেনে নেবে বলেও আশা প্রকাশ করে তিনি বলেন, নইলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে প্যাকেজ মূসক বহাল রাখার পাশাপাশি আরও তিনটি বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়। এগুলো হলো ক্ষুদ্র ও কুটিরশিল্পের উৎপাদন পর্যায়ে ৩৬ লাখ টাকা থেকে দেড় কোটি টাকা বার্ষিক লেনদেন পর্যন্ত টার্নওভার কর ৩ শতাংশ রাখা। উপকরণ কর রেয়াত নিতে অসমর্থ প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন ২৬ দশমিক ৬৭ শতাংশ ধরে তার ওপর ১৫ শতাংশ, অর্থাৎ সরবরাহ মূল্যের ওপর ৪ শতাংশ হারে মূসক আরোপ। ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) ও পয়েন্ট অব সেলস (পিওএস) ব্যবহার করে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়কারীদের ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন ১৩ দশমিক ৩৩ শতাংশ ধরে ১৫ শতাংশ, অর্থাৎ বিক্রয় পর্যায়ে ২ শতাংশ হারে মূসক আরোপের ব্যবস্থা করা।
বর্তমান প্যাকেজ মূসক-ব্যবস্থায় ব্যবসায়ীরা বছরে ৩ হাজার ৬০০ টাকা থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত ন্যূনতম মূসক দিয়ে থাকেন। নতুন আইনে অভিন্ন হারে ১৫ শতাংশ মূসক আরোপের কথা বলা হয়েছে। প্যাকেজ মূসক বহাল রাখার দাবিতে গত ৯ মে পুরান ঢাকার লালবাগে সভা করেছিলেন ব্যবসায়ীরা। ওই সভায় বিভিন্ন পণ্যভিত্তিক সংগঠনের দেড় শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সেখানেই সংবাদ সম্মেলন করে দাবি উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছিল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু মোতালেব বলেন, নতুন মূসক আইনে ১৫ শতাংশ মূসক আরোপ করা হলে তা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প, ব্যবসা-বাণিজ্য পরিমণ্ডলে অস্থিরতা ও অচলাবস্থা তৈরি করবে। এ ছাড়া পণ্যের দামও বাড়বে। এতে ভোক্তা পর্যায়ে তৈরি হওয়া অসন্তোষকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের আলামত পরিলক্ষিত হচ্ছে। এ নিয়ে দেশের ব্যবসায়ী মহল শঙ্কিত।
আবু মোতালেব দাবি করেন, মূসক আইনের বিরোধ নিষ্পত্তির জন্য অর্থমন্ত্রীর নির্দেশনায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআইয়ের যৌথ কমিটি সাতটি সুপারিশ করেছিল। কিন্তু সেগুলো বাস্তবায়িত হয়নি। তিনি এ বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘এ বিষয়গুলো আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি ব্যবসাবান্ধব। আশা করছি কর্মসূচি পালনের আগেই আমাদের দাবি মানা হবে। নইলে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে। এটা আমাদের ফোরামের কথা, ব্যবসায়ীদের কথা।’
নতুন আইন বাস্তবায়ন হলে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেবেন কি না—এ প্রশ্নের জবাবে এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ বলেন, ‘আমাদের বাড়াতে হবে না। সরকারই সরাসরি ১৫ শতাংশ মূসক নিতে বলছে। এতে বিভিন্ন পণ্যের দাম ১০-১২ শতাংশ বাড়বে।’ নতুন আইনের কারণে ক্রেতা পর্যায়ে মূসকের ভার ২০ শতাংশ পর্যন্ত পড়বে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ ব্যবসায়ী ফোরামের সভাপতি আবদুস সালামসহ পণ্যভিত্তিক বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।