২৫ রমজানের মধ্যে পোশাকশ্রমিকদের বেতন-ভাতা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ রমজানের মধ্যে তৈরি পোশাকশিল্প কারখানার শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার দাবি জানিয়েছে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। গতকাল রোববার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতা-কর্মীরা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, পোশাক কারখানার মালিকেরা ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার বিষয়ে সরকার, ব্যবসায়ী সংগঠন ও শ্রমিক সংগঠনগুলোকে আশ্বস্ত করেছেন। কিন্তু বিভিন্ন এলাকা থেকে শ্রমিকেরা অভিযোগ করছেন, অনেক মালিকই নানা অজুহাত দেখিয়ে ঈদের আগে বেতন, বোনাস ও অতিরিক্ত সময়ের কাজের (ওভারটাইম) মজুরি একসঙ্গে দিতে চাইছেন না।শ্রমিক নেতারা আশঙ্কা করেন, মালিকেরা তাঁদের কথা না রাখলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এতে এই শিল্পের ক্ষতি হওয়ার শঙ্কা আছে। এ জন্য সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে, যেন পোশাকশ্রমিকেরা ঈদের আগেই তাঁদের প্রাপ্য বুঝে পান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক তপন সাহা। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবুল হোসাইন, সহসভাপতি সুমন শেখ, সাংগঠনিক সম্পাদক নূরে আলম খান, জেসমিন আক্তার, আনোয়ারুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।