২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইউনিক হোটেল
পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা খাতের প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ইউনিক হোটেলের পক্ষ থেকে আজ রোববার এ ঘোষণা দেওয়া হয়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ এপ্রিল স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৮ মার্চ।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে ইউনিক হোটেলের শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের ইপিএস হয়েছে তিন টাকা ৪৪ পয়সা, যা আগের বছরের চেয়ে ৫৮ পয়সা কম। আগের বছর এই সময়ে ইপিএস হয়েছিল চার টাকা দুই পয়সা।
আজ লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে ইউনিক হোটেলের শেয়ার ৭৮ টাকা ৯০ পয়সায় লেনদেন হচ্ছে।