২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে কেপিসিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, কেপিসিএলের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৪ মে।

এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে কেপিসিএলের শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের ইপিএস হয়েছে পাঁচ টাকা ৬২ পয়সা, যা আগের বছরের চেয়ে ৩০ পয়সা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল পাঁচ টাকা ৩২ পয়সা।