পুঁজিবাজারে বিনিয়োগ করে ২৫ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ আয়কে আগামী বাজেটে করমুক্ত রাখার সুপারিশ করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ বুধবার ডিএসইর বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শুভ্র কান্তি চৌধুরী এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান। এ সময় আরও তিনটি সুপারিশের কথা জানান তিনি।যেসব ব্যক্তির ন্যূনতম বার্ষিক আয় ১০ লাখ টাকা, এসব ব্যক্তি নতুন করে বিও হিসাব খুলে কমপক্ষে ৫০ হাজার টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করলে তাঁদের ৫০ শতাংশ কর রেয়াত সুবিধা প্রদানের সুপারিশ করা হবে।তালিকাভুক্ত ও তালিকা-বহির্ভূত কোম্পানির করের ব্যবধান কমপক্ষে ৫ শতাংশ রাখার সুপারিশ করবে ডিএসই। এ ব্যাপারে শুভ্র কান্তি বলেন, তালিকা-বহির্ভূত কোম্পানির চেয়ে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কম কর দেওয়ার সুযোগ থাকলে নতুন নতুন কোম্পানি বাজারে আসতে আগ্রহী হবে। একই সঙ্গে তালিকাভুক্ত বিমা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর ৪২ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৩৭ শতাংশ করার সুপারিশ দেওয়া হবে।আইপিও প্রক্রিয়া সহজ ও খরচ কমানোর জন্য ডিপি (ডিপোজিটরি পারটিসিপেন্ট) নেটওয়ার্কের মাধ্যমে আইপিও করার সুপারিশ থাকবে বলেও জানান ডিএসইর এই কর্মকর্তা। তিনি বলেন, আইপিও প্রক্রিয়ায় দীর্ঘ সময় ও প্রচুর অর্থ ব্যয় হয়। এ ক্ষেত্রে ১০ কোটি টাকার ওপর যেসব কোম্পানি আইপিওতে বাজারে আসবে, সেগুলো কার্যক্রম ডিপি নেটওয়ার্কেও মাধ্যমে সম্পন্ন করার সুপারিশ দেওয়া হবে।