২৫ হাজারের বেশি কর নথি নিরীক্ষা করবে না এনবিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরে ২৫ হাজারের বেশি করদাতার আয়কর বিবরণী বা রিটার্ন নথি নিরীক্ষা করবে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। করদাতারা যাতে হয়রানির শিকার না হন, সে জন্যই মূলত এই নির্দেশনা।

প্রতিবছর সংশ্লিষ্ট কর অঞ্চল কিংবা সার্কেল অফিসগুলো জমা করা আয়কর বিবরণী বা রিটার্নের ৪ শতাংশের মতো করদাতার নথি নিরীক্ষা করে থাকে। এখন দিন দিন রিটার্ন জমার পরিমাণ বাড়ছে। সেই হিসাবে ৪ শতাংশ করদাতার নথি নিরীক্ষার আওতায় আনা হলে সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে। সাধারণ নিরীক্ষার আওতায় আনা হলে ওই করদাতা রিটার্নে উল্লেখিত তথ্য পুনরায় যাচাই করা হয়। করদাতাকে সশরীরে কিংবা আইনজীবীর মাধ্যমে বিভিন্ন কাগজপত্র নিয়ে একাধিকবার কর অফিসে যেতে হয়। প্রমাণ করতে হয় রিটার্নে দেওয়া তথ্য সঠিক। এসব করতে গিয়ে করদাতাকে নানা ধরনের হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ আছে।

এনবিআর সূত্রে জানা গেছে, গত অর্থবছরে (২০১৬-১৭) মোট ১৫ লাখ ৬৫ হাজার করদাতা বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিয়েছেন। এর আগের বছর এই সংখ্যা ছিল ১০ লাখ ৯২ হাজার। চলতি মৌসুমে রিটার্ন জমার সংখ্যা আরও বাড়বে বলে মনে করেন এনবিআর কর্মকর্তারা। এবারই বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী পর্যায়ের কর্মকর্তাদের রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে।