ঢাকার হাজারীবাগ থেকে সব ট্যানারি সাভারে স্থানান্তরে ট্যানারি মালিকদের জন্য সরকার যে আড়াই শ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে, তা মোটেও পর্যাপ্ত নয়। এমন দাবি করে ট্যানারি মালিকেরা তা বাড়ানোর দাবি করেছেন।
শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গতকাল সোমবার সাভারের চামড়াশিল্পনগর পরিদর্শন করতে গেলে ট্যানারি মালিকেরা এ দাবি জানান। একই সঙ্গে তাঁরা চামড়াশিল্প খাতে শিল্পঋণের সুদের হার ৫ শতাংশ করার দাবিও জানান।
জবাবে স্থায়ী কমিটির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ঋণের সুদহার কমানোর বিষয়টি অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পরবর্তী সভায় আলোচনার জন্য তোলা হবে।
তবে আবদুর রাজ্জাক এও বলেন, ট্যানারি মালিকদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে সাভারে তাঁদের কারখানা স্থানান্তরের কাজ শেষ করে উৎপাদনে যেতে হবে। তা না হলে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) কর্মক্ষমতা পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হবে না।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, এ বছরের জুনের মধ্যে হাজারীবাগের সব ট্যানারি সাভারে স্থানান্তর শেষ করে উৎপাদন শুরু করার কথা রয়েছে।
পরিদর্শক দলের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম মো. আহ্সানুল হক চৌধুরী, রহিম উল্লাহ প্রমুখ। এই পরিদর্শনের ভিত্তিতে তাঁরা একটি প্রতিবেদন তৈরি করবেন।