২৬ কোটি ডলার ঋণের কিস্তি অনুমোদন করল আইএমএফ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পর্ষদ বাংলাদেশের জন্য ২৫ কোটি ৮৩ লাখ মার্কিন ডলারের ঋণের কিস্তি অনুমোদন করেছে। ফলে সংস্থাটি থেকে বাংলাদেশ শিগগিরই এই অর্থ ছাড় করতে পারবে।
আইএমএফ তিন বছরে এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি বা সম্প্রসারিত ঋণসুবিধার (ইসিএফ) আওতায় বাংলাদেশকে যে ৯০ কোটি ৪২ লাখ ডলারের ঋণ দেওয়ার কথা, তারই অংশ হিসেবে এই কিস্তি ছাড়ের অনুমোদন দিল সংস্থাটি।
সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আইএমএফ বাংলাদেশের জন্য গত ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি তিন বছর মেয়াদি ইসিএফ অনুমোদন করে। পরে অবশ্য এ সুবিধার মেয়াদ প্রথমে এ বছরের ৩১ জুলাই ও পরে ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়।
আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিতসুহিরো ফুরুসাওয়া এক বিবৃতিতে বলেন, ‘দূরদর্শী সামষ্টিক অর্থনৈতিক নীতিমালা ও কাঠামোগত সংস্কারসমূহ এবং সম্প্রসারিত ঋণসুবিধায় (ইসিএফ) দেওয়া সহায়তা গত সাড়ে তিন বছরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জের পরিস্থিতিতে বাংলাদেশের খুব কাজে লেগেছে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি যেমন টেকসই হয়েছে, তেমনি মূল্যস্ফীতিও সহনীয় পর্যায়ে রয়েছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত বেড়ে একটি স্বস্তিদায়ক পর্যায়ে পৌঁছেছে।’
মিতসুহিরো ফুরুসাওয়া আরও বলেন, বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা এবং মূল্যস্ফীতির ঝুঁকির পরিস্থিতিতে বাংলাদেশ সরকারকে উচ্চ প্রবৃদ্ধির হার ধরে রাখা, অভিঘাত মোকাবিলার সক্ষমতা অর্জন ও দারিদ্র্য আরও কমানোর জন্য বিচক্ষণ রাজস্ব ও মুদ্রানীতি গ্রহণ অব্যাহত রাখতে হবে।
আইএমএফের মতে, ‘বাংলাদেশের পূর্ণ অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে কাঠামোগত সংস্কার বড় ভূমিকা রাখতে পারে। ইসিএফের আওতায় দেশটি অনেক গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। তবে এখনো কিছু কাঠামোগত সংস্কার বাকি রয়ে গেছে। তাই রাজস্ব খাতে স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তাবেষ্টনী জোরদার করতে কর আহরণের পরিমাণ আরও বাড়ানো দরকার।
আইএমএফের বিবৃতিতে বাংলাদেশকে জ্বালানি খাত থেকে অদক্ষতা ও ভর্তুকি কমানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম সমন্বয়, অর্থনৈতিক ব্যবস্থাপনা জোরদার এবং রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক খাতে আরও সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের ধারা আরও জোরদার, বিদ্যুৎ ও পরিবহনসহ অবকাঠামোগত দুর্বলতা দূর, ব্যবসায়িক পরিবেশের উন্নতি এবং শ্রম অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পরামর্শ দিয়েছে আইএমএফ।