২৬ লাখ গাড়ি প্রত্যাহার করবে জেনারেল মোটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনারেল মোটরের সদর দপ্তর। ছবি: রয়টার্স
জেনারেল মোটরের সদর দপ্তর। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী ২৬ লাখ মোটর গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে প্রসিদ্ধ মার্কিন মোটর গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান জেনারেল মোটরস (জিএম)। ত্রুটিযুক্ত সুইচ মেরামতের জন্য প্রতিষ্ঠানটি মঙ্গলবার এ ঘোষণা দেয়। এ নিয়ে ত্রুটির কারণে এক বছরে প্রতিষ্ঠানটি প্রায় এক কোটি ৫৪ লাখ মোটর গাড়ি প্রত্যাহার করল।
ত্রুটির কারণে ১৩ জন নিহত হওয়ার ঘটনার জের ধরে জেনারেল মোটর এসব গাড়ি প্রত্যাহার করছে। এ ঘটনায় মার্কিন নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থার সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এমনকি ত্রুটি ধরতে ব্যর্থ হওয়ায় জেনারেল মোটরকে জরিমানাও গুনতে হয়।
জিএম জানায়, দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাহার করা গাড়ির মেরামত বাবদ প্রতিষ্ঠানটির ধারণার প্রায় দ্বিগুণ, অর্থাত্ ৪০ কোটি মার্কিন ডলার খরচ ধরা হচ্ছে। অন্যদিকে প্রথম প্রান্তিকে গাড়ি মেরামত বাবদ খরচ ধরা হয়েছিল এক কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
বিবিসি অনলাইনের এক খবরে জানানো হয়, গত সপ্তাহে জিএম ৩০ লাখ মোটর গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল। এ জন্য খরচ বাবদ ২০ কোটি মার্কিন ডলার খরচ ধরা হয়েছিল। ত্রুটিযুক্ত সুইচ মেরামতে দেরি হওয়ায় জিএমকে মার্কিন ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন তিন কোটি ৫০ লাখ ডলার জরিমানা করে, যা এ ক্ষেত্রে রেকর্ড। বিষয়টি মার্কিন বিভিন্ন সংস্থায় তদন্তাধীন রয়েছে। জিএম কর্তৃপক্ষও বিষয়টির তদন্ত চালাচ্ছে। পরবর্তী দুই সপ্তাহের মধ্যে তদন্ত শেষ হবে বলে জানিয়েছে জিএম কর্তৃপক্ষ।

মোটর গাড়ি প্রত্যাহারের খবরে গতকাল বিকেলে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে জেনারেল মোটরের শেয়ারের দাম ৩ দশমিক ১ শতাংশ কমে ৩৩ দশমিক ২০ মার্কিন ডলারে নেমেছে।