২৬টি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করেছে, ব্যর্থ ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বিদেশে বাংলাদেশের ৫১ মিশনের মধ্যে ২৬টি রপ্তানি-আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। তবে ওয়াশিংটন, লন্ডন, প্যারিস, নয়াদিল্লিসহ ২৫ মিশন রপ্তানি-আয়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সম্প্রতি এই তথ্য দিয়েছে। ইপিবি বলছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে এসব মিশন থেকে বাংলাদেশের পণ্য রপ্তানি-আয় দাঁড়িয়েছে দুই হাজার ৪৬৫ কোটি ডলার। এটি লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ৪ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১৩ শতাংশ বেশি।

ইপিবির তথ্যমতে, আলোচ্য সময়ে রপ্তানি-আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম ২৬টি মিশন এক হাজার ১৩৯ কোটি ডলার আয় হয়েছে, যা একই সময়ের এক হাজার ১০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ১২ দশমিক ৭৯ শতাংশ এবং গত বছরের একই সময়ের চেয়ে ২৭ শতাংশ বেশি।

লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম মিশনগুলো হলো বার্লিন, মাদ্রিদ, রোম, হেগ, স্টকহোম, ব্রাসেলস, আঙ্কারা, বেইজিং, সিউল, জাকার্তা, কায়রো, হ্যানয়, আম্মান, কুয়েত, কলম্বো, দোহা, ইয়াঙ্গুন, তাসখন্দ, মানামা, থিম্পু, বৈরুত, লিসবন, মালে, ত্রিপোলি, ব্রুনাই ও পোর্ট লুইস।

অন্যদিকে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ ২৫টির মধ্যে ১৩টি মিশন গত অর্থবছরের একই সময়ের চেয়ে রপ্তানি-আয় বেশি করেছে। সেগুলো হলো ওয়াশিংটন, লন্ডন, প্যারিস, টোকিও, রিয়াদ, ক্যানবেরা, অটোয়া, সিঙ্গাপুর, জেনেভা, মেক্সিকো সিটি, মস্কো, কুয়ালালমপুর ও মাসকট।

আর ১২ মিশনের রপ্তানি-আয় চলতি লক্ষ্যমাত্রা ও গত অর্থবছরের একই সময়ের চেয়ে কমেছে। এগুলো হলো নয়াদিল্লি, হংকং, দুবাই, ব্যাংকক, তেহরান, কাঠমান্ডু, প্রিটোরিয়া, ইসলামাবাদ, নাইরোবি, ব্রাজিলিয়া, ম্যানিলা ও রাবাত।

এই ২৫টি মিশন থেকে এক হাজার ২৬৪ কোটি ডলার আয় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১২ শতাংশ কম। তবে তা গত বছরের একই সময়ের চেয়ে ৪ শতাংশ বেশি।

ইপিবির তথ্যমতে, আলোচ্য সময়ে ওয়াশিংটন মিশন থেকে ৪৬৪ কোটি ৯৬ লাখ ডলার রপ্তানি-আয় হয়েছে। অবশ্য এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে ১০ শতাংশ কম। আর দ্বিতীয় সর্বোচ্চ আয় বার্লিন মিশন থেকে ৪১৫ কোটি ৪৬ লাখ ডলার।