২৬টি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সমঝোতা স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশ ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল’ থেকে সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় বিভিন্ন প্রকল্পে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অর্থসহায়তা দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার ২৬টি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ ব্যাংক সমঝোতা স্মারক সই করেছে। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে প্রথম কিস্তির অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক প্রধান ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের গভর্নর আতিউর রহমান অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৩ সালে আতিউর রহমান ‘বাংলাদেশ ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল’ গঠন করেন। তহবিল থেকে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দক্ষতার উন্নয়ন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে অর্থসহায়তা দেওয়া হচ্ছে। ২০১৩-২০১৪ অর্থবছরে পাঁচ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়। উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে ১৪টি প্রকল্পে অর্থায়ন করা হয়। চলতি অর্থবছরেও অনুদান প্রাপ্তির জন্য ৩০টি প্রকল্প নির্বাচন করা হয়েছে। ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে আজ ২৬টির সঙ্গে সমঝোতা স্মারকে সই হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, নির্বাহী পরিচালক ম মাহফুজুর রহমান, ফারিয়া লারা ফাউন্ডেশনের সেলিনা হোসেন, বিদ্যাসাগর-রোকেয়া শিক্ষা ট্রাস্টের আবুল মোমেন ও শীলা মোমেন, বুড়িগঙ্গা নদীরক্ষা প্রোগ্রামের শরীফ জামিল, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের গোলাম রহমান, চিলড্রেন অ্যান্ড আর্থ ওয়েলফেয়ার সোসাইটির শাহিদা আখতার, ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের হাসিবুর রহমান, মঞ্জুর এগ্রো ফার্ম লিমিটেডের মনজুর হোসেন, মমতাজ হাসপাতালের জয়নাল আবেদীন, রিকের আবুল হাসিব খান, সাধনা সংসদের দেলোয়ার হোসেন ভুঁইয়া, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের রঞ্জন কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন এবং তাঁরা বক্তব্য দেন।