২৭ কর কমিশনার বদলি স্থগিতের ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একযোগে ২৭ জন কর কমিশনার বদলির আদেশ স্থগিত করার বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যাখ্যা দিয়েছেন।
গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটা স্থগিত করা হয়েছে। এতজন কর্মকর্তার বদলির আদেশ হয়েছে—আমি দেশের অর্থমন্ত্রী, অথচ আমি জানি না। এনবিআর যেটা করেছে, তা তারা পারে না।’
অর্থমন্ত্রী বলেন, ‘এ সময়ে প্রতিবছরই রদবদল হয়ে থাকে। কিন্তু একজন বিদায়ী চেয়ারম্যানের এটা করা উচিত হয়নি। এ কারণে এটা স্থগিত করা হয়েছে।’
এর আগে গত ২৭ অক্টোবর এক আদেশে একযোগে ২৭ জন কর কমিশনারকে বদলি করেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন। এনবিআর সূত্রে জানা গেছে, এ বদলির আদেশ জারির আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে কোনো ধরনের অনুমোদন বা আলাপ-আলোচনা করেননি তিনি।
এর পরিপ্রেক্ষিতে এ বদলির আদেশ সাময়িক স্থগিত করার অনুরোধ করে গত ২৯ অক্টোবর জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম
ইসমাত আরা সাদেককে চিঠি লেখেন অর্থমন্ত্রী। চিঠিতে তিনি আরও বলেন, ‘জনপ্রশাসন এটাও দেখতে পারে যে শেষ তিন মাসে একজন বিদায়ী কর্মকর্তার সিদ্ধান্ত নেওয়ার আওতাটি কীভাবে সীমিত করা যায়।’
উল্লেখ্য, আগামী জানুয়ারি মাসে এনবিআরের চেয়ারম্যানের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হচ্ছে।
এর পরের দিন ৩০ অক্টোবর এনবিআরের চেয়ারম্যানকে লেখা আরেক চিঠিতে অর্থমন্ত্রী বলেন, ‘বিদায়ী চেয়ারম্যানের শেষ
সময়ে এমন পদপরিবর্তন কোনোমতেই যুক্তিযুক্ত নয়। এই বিষয়ে চেয়ারম্যান অবশ্য সর্বেসর্বা। তবে তাঁর চলে যাওয়ার বিষয়টি মাথায় রেখে এ কাজটি করা ঠিক হয়নি।’
শেষ পর্যন্ত গত ৩০ অক্টোবর কর কমিশনারদের বদলির আদেশ স্থগিত করা হয়।