২৭ বছর পর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতৃত্ব নির্বাচন
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাদেকুর রহমান।
২৭ বছর পর গত শুক্রবার ঢাকার বেইলি রোডের অফিসার্স ক্লাবে দুই বছর মেয়াদি এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রিসাইডিং কর্মকর্তা বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শহীদুল আলম শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে ফলাফল ঘোষণা করেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে গতকাল শনিবার এ তথ্য জানা গেছে।
নির্বাচনে সাদেকুর রহমান ১ হাজার ৬৪২ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ ইউনূস আহমেদ ভোট পান ১ হাজার ৩৫৯।
সমিতির কার্যনির্বাহী কমিটি ৩৯ সদস্যের। এর মধ্যে ১ জন সভাপতি, ৪ জন সহসভাপতি ও ৩৪ জন সদস্য।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সহসভাপতি পদে মোজাম্মেল হক ১ হাজার ৮৩৮, সমীর কান্তি শিকদার ১ হাজার ৭৪৪, মো. শাহজালাল ১ হাজার ৭২৬ ও মো. আবদুল হাই ১ হাজার ৫৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
সভাপতি পদে ৪, সহসভাপতি পদে ২০ এবং সদস্য পদে ১৬০ জন নির্বাচনে অংশ নেন। মোট ভোটার ৪ হাজার ৩১৬ জনের মধ্যে ৮৭ শতাংশ ভোট পড়েছে বলে প্রথম আলোকে বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী।
প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের এক পূর্ণাঙ্গ বেঞ্চ গত ১১ মে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন পরিচালক (ডিটিও) আবদুল মান্নানকে এই সংগঠনের প্রশাসক নিয়োগ করে ৯০ দিনের মধ্যে নির্বাচন করে দেওয়ার নির্দেশ দেন। সে অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হয়।