২৭ হাজার ২৪৪ কোটি টাকার রাজস্ব আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়ী ২০১৪-১৫ অর্থবছরে ২৭ হাজার ২৪৪ কোটি টাকার রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস। এই আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ৩১০ কোটি টাকা এবং আগের ২০১৩-১৪ অর্থবছরের চেয়ে চার হাজার কোটি টাকা বেশি।
চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানির বিপরীতে এই রাজস্ব আদায় করেছে কাস্টমস। রাজস্ব আদায়ে বেশ কিছু কৌশল বাস্তবায়নের ফলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে বলে মনে করেন সংস্থার কর্মকর্তারা।
কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আগের ২০১৩-১৪ অর্থবছরে অবশ্য পণ্য পরিবহন বাড়লেও লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হয়নি। কিন্তু এবার প্রথম দফায় লক্ষ্যমাত্রা পূরণের পর আরও দুই দফায় লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২৬ হাজার ৯৩৩ কোটি টাকায় উন্নীত করা হয়। বছর শেষে সেটিও ছাড়িয়ে ৩১০ কোটি টাকার বেশি আদায় হয়েছে।
এদিকে বন্দর সূত্রে জানা গেছে, বিদায়ী অর্থবছরে এই বন্দর দিয়ে ১৮ লাখ ৬৭ হাজার একক কনটেইনার পরিবহন হয়, যা আগের অর্থবছরের চেয়ে ১৪ দশমিক ৮৬ শতাংশ বেশি।
জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের কমিশনার হোসেন আহমদ প্রথম আলোকে বলেন, ‘রাজস্ব আদায়ের কৌশলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। শুল্ক ফাঁকি বেশি হয় এমন পণ্যে নজরদারি বৃদ্ধি, ব্যবস্থাপনার আধুনিকায়ন, পণ্য ছাড়-পরবর্তী নিরীক্ষা ইত্যাদি কার্যক্রম জোরদার করার ফলে বাড়তি রাজস্ব আদায় হয়েছে।’