২৭০টি রুগ্ণ তৈরি পোশাক কারখানায় বিশেষ সুবিধা
সরকার ২৭০টি রুগ্ণ ও বন্ধ তৈরি পোশাক শিল্প-কারখানার ঋণ হিসাব অবসায়নের জন্য বিশেষ কিছু সুবিধা ঘোষণা করেছে। অর্থ মন্ত্রণালয় গত সপ্তাহে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) কর্তৃক চিহ্নিত এবং বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক সুপারিশ করা পোশাকশিল্পের ২৭০টি রুগ্ণ ও বন্ধ প্রতিষ্ঠানের ঋণ হিসাব অবসায়নের এ সিদ্ধান্ত নেওয়ার জন্য বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী সরকার বিশেষ করে অর্থ মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ২৭০টি রুগ্ণ বা বন্ধ শিল্পপ্রতিষ্ঠানের দায়দেনা পরিশোধের সময়কাল আদেশ জারির তারিখ থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর এবং পাঁচ কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছর হবে।এক বছরের মোরাটোরিয়াম (সুদ আরোপযোগ্য হবে) পাঁচ কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে চার বছর এবং পাঁচ কোটি টাকার ঊর্ধ্বে ঋণের ক্ষেত্রে বছরে ত্রৈমাসিক চারটি কিস্তিতে নয় বছরে পরিশোধযোগ্য হবে।নির্দেশনায় আরও বলা হয়েছে, আয় খাত কোনো অবস্থাতেই বিকলন (ডেবিট) করা যাবে না। তবে যে ক্ষেত্রে আরোপিত সুদ ইতিমধ্যে আয় খাতে স্থানান্তরিত হয়নি, সেসব আরোপিত সুদ সম্পূর্ণ মওকুফ হবে। আয় খাতে স্থানান্তরিত সুদের পরিমাণ গ্রাহককে নিয়মমাফিক ব্যাংক হিসাব বিবরণী আকারে জানাতে জ্ঞাত করতে হবে।তবে এসব প্রতিষ্ঠানের মূল ঋণ এবং মামলা খরচ মওকুফ করা হবে না। আর মূল ঋণ ও আয় খাতে স্থানান্তরিত পুঞ্জীভূত সুদ মোট নিরুপিত দায়দেনা হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে আট শতাংশ হারে সুদ আদায়যোগ্য হবে। প্রত্যেকটি ত্রৈমাসিক কিস্তির জন্য একটি করে অগ্রিম চেক দেওয়া হবে। সর্বোচ্চ চার কিস্তির সমপরিমাণ অর্থ অনাদায়ী হলে এ আদেশে প্রদত্ত সব সুবিধা বাতিল বলে গণ্য হবে।কোনো প্রতিষ্ঠান যদি ব্যাংকের সঙ্গে সম্পাদিত চুক্তি ভঙ্গ করে তবে সে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতিমধ্যে স্থগিত মামলা পুনরুজ্জীবিত হবে।সরকার প্রদত্ত সুবিধাদি বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং আদেশ জারির দুই মাসের মধ্যে ঋণগ্রহীতাকে সংশ্লিষ্ট ব্যাংক বরাবর আবেদন করতে হবে।