২৮ উদ্যোক্তা উন্নয়ন প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিল কেন্দ্রীয় ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক ২৮টি উদ্যোক্তা উন্নয়ন প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে তিন বছরের জন্য স্বীকৃতি সনদ দিয়েছে। গত মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের ‘কুটির শিল্প, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃ অর্থায়ন তহবিল’ শীর্ষক প্রকল্পের আওতায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের জন্য এই সনদ দেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এসব প্রতিষ্ঠানকে প্রশিক্ষণের জন্য ছয়টি বিষয় বা খাতকে অগ্রাধিকার দিতে হবে। খাতগুলো হচ্ছে নারী উদ্যোক্তা, উদ্ভাবনী ও সৃজনশীল উদ্যোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), আমদানি বিকল্প উদ্যোগ, রপ্তানিমুখী উদ্যোগ, কারিগরি শিক্ষায় শিক্ষিত উদ্যোক্তাদের শিক্ষা-সংশ্লিষ্ট উদ্যোগ।
ঢাকা চেম্বার দেশে দুই হাজার নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ২০১৩ সালে যে প্রকল্প হাতে নেয়, সেটির আলোকে কেন্দ্রীয় ব্যাংক ১০০ কোটি টাকার এই তহবিল গঠন করে। নতুন উদ্যোক্তাদের পুনঃ অর্থায়ন সুবিধা দিতে এটি গঠন করা হয়। এ বিষয়ে কাজ করতে আগ্রহী উদ্যোক্তা উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয় ২০১৪ সালের সেপ্টেম্বরে।