২৯ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
স্থানীয় সরকারব্যবস্থার উন্নয়নে ২৯ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। দ্বিতীয় স্থানীয় সরকার-সহায়তা প্রকল্প (এলজিএসপি-২) শীর্ষক প্রকল্পের এই অর্থ দেবে দাতাসংস্থাটি।গতকাল মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বিশ্বব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।ইআরডির সচিব ইকবাল মাহমুদ ও বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক অ্যালেন গোল্ডস্টেইন নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান, ইআরডির অতিরিক্ত সচিব আরাস্তু খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এলজিএসপি-২ প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের উন্নয়নের জন্য থোক বরাদ্দ দেওয়া, সর্বস্তরে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা ও ইউনিয়ন পরিষদের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি করা হবে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি ৫৩ লাখ ডলার। এর মধ্যে বিশ্বব্যাংক দেবে ২৯ কোটি ডলার। বাকি অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে। প্রকল্পের মেয়াদ ২০১১ সালের ডিসেম্বর মাস থেকে ২০১৬ সালের নভেম্বর মাস পর্যন্ত।