২৪ এপ্রিলের মধ্যে ‘রানা প্লাজা ডোনারস ট্রাস্ট ফান্ড’-এ বিদেশি ২৯ ক্রেতাপ্রতিষ্ঠানকে গ্রহণযোগ্য ও সম্মানজনক অর্থ প্রদানের আহ্বান জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এ ছাড়া রানা প্লাজা ধসে নিহতের পরিবার ও আহত শ্রমিকদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
রাজধানীর প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার সকালে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। এতে রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে আহত শ্রমিক ও নিহতের পরিবারের সদস্যরা অংশ নেন।
সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, রানা প্লাজা কমপেনসেশন অ্যারেঞ্জমেন্ট কো-অর্ডিনেটিং কমিটির হিসাব অনুযায়ী ক্ষতিপূরণের জন্য চার কোটি ডলার প্রয়োজন। তবে ক্রেতাপ্রতিষ্ঠানগুলো এ পর্যন্ত মাত্র এক কোটি ৭০ লাখ ডলার দেওয়ার অঙ্গীকার করেছে। ওয়ালমার্টের মতো বিশাল কোম্পানি মাত্র পাঁচ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এটি শুধু লজ্জাজনকই নয়, অবমাননাকরও।
আমিরুল হক আরও বলেন, রানা প্লাজার ক্ষতিগ্রস্তরা ভিক্ষা বা অনুদান চাচ্ছে না, তারা তাদের পরিবারের নিহত সদস্যদের ও আহতদের ক্ষতিপূরণ দাবি করছে। তাই ওয়ালমার্ট, কেয়ারফোর, কিক, আউচান, টেক্সম্যান, চিলড্রেন প্লেস, ম্যাংগো, প্রিমিয়ার ক্লদিংসহ ২৯টি ক্রেতাপ্রতিষ্ঠানকে যুক্তিসংগত ও গ্রহণযোগ্য অর্থ দেওয়া উচিত। এ ছাড়া সরকার, বিজিএমইএ ও সংশ্লিষ্ট মালিকদের দ্রুত এগিয়ে আসা দরকার।
মানববন্ধন কর্মসূচি থেকে রানা প্লাজার পাশাপাশি তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করারও দাবি জানানো হয়।
এদিকে গতকাল সকালে প্রেসক্লাবে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশন পোশাকশিল্প শ্রমিক নিরাপত্তা জাতীয় সম্মেলনের আয়োজন করে।
শ্রমিক সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনে পোশাকশ্রমিকদের নিরাপত্তার জন্য ১২ দফা সুপারিশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য পোশাক কারখানা নির্মাণে জাতীয় ভবন নীতিমালা প্রতিপ্রালন, প্রতিটি কারখানায় ফায়ার স্কেপ রুট নিশ্চিত করা, নকশা ও নির্মাণ একই প্রতিষ্ঠানকে দিয়ে করানো।
এতে প্রধান অতিথির বক্তব্যে মিকাইল শিপার বলেন, রানা প্লাজার মতো দুর্ঘটনা ঘটলে দায়ী ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে।
শ্রমিক সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সুজনের সমন্বয়ক বদিউল আলম মজুমদার, স্কপের কেন্দ্রীয় নেতা মেজবাহ উদ্দিন আহমেদ, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশের মহাসচিব রায় রমেশ চন্দ্র প্রমুখ।