৩ কোম্পানির আইপিও এবং একটির রাইট শেয়ার অনুমোদন
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আরও তিনটি কোম্পানির আইপিও এবং একটির রাইট শেয়ার অনুমোদন করেছে ।আইপিও অনুমোদন পাওয়া কোম্পানিগুলো হলো, এমআই সিমেন্ট লিমিটেড, মবিল যমুনা লুব্রিকেন্টস ও সালভো কেমিক্যালস এবং রাইট শেয়ার অনুমোদন পাওয়া কোম্পানি হলো ইস্টার্ন ইনস্যুরেন্স কোম্পানি।আজ বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ ও এ টি এম তারিকুজ্জামান এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।ব্রিফিংয়ে জানানো হয়, এমআই সিমেন্ট লিমিটেড ও মবিল যমুনা লুব্রিকেন্টসের শেয়ার বুক বিল্ডিং আর সালভো কেমিক্যালের শেয়ার নির্ধারিত মূল্য পদ্ধতিতে (ফিক্সড প্রাইস মেথড) বাজারে আসবে। এমআই সিমেন্ট ৩৩৪ কোটি টাকার, মবিল যমুনা লুব্রিকেন্টস ৬০৯ কোটি টাকার এবং সালভো কেমিক্যাল ২৬ কোটি টাকার শেয়ার ছাড়বে। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা ও মার্কেট লট ১০০টি শেয়ারের। এ ছাড়া এমআই সিমেন্টের প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য ১১১ টাকা ৬০ পয়সা, মবিল যমুনার ১৫২ টাকা ৪০ পয়সা ও সালভো কেমিক্যালের ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্দেশক মূল্যের ২০ শতাংশ কম বা বেশি হারে প্রতিটি শেয়ারের মূল্য হবে।এদিকে ইস্টার্ন ইনস্যুরেন্সের প্রতিটি শেয়ারে একটি রাইট শেয়ার অনুমোদন করেছে এসইসি। এ ক্ষেত্রে ১০০ টাকা অভিহিত মূল্যে প্রতিটি শেয়ারে ২০০ টাকা প্রিমিয়াম নেওয়া হবে। রাইট ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠানটি পুঁজিবাজার থেকে প্রায় ৫৬ কোটি টাকা সংগ্রহ করবে বলে জানা গেছে।