শেয়ারবাজারে ৩ ঘণ্টার লেনদেনে ২ রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে লেনদেন শেষে শেয়ারবাজারে দুটি রেকর্ড হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান দুই সূচকে এ রেকর্ড হয়েছে আজ রোববার।

ঈদের আগেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ও বাছাই করা ভালো মানের ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস–৩০ সূচক দুটি রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়। তাতে সূচক দুটি বাড়লেই আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হচ্ছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ রোববার ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪২৪ পয়েন্টে। আর বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস–৩০ সূচকটি ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৩৬ পয়েন্টে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি এ দুটি সূচক চালু হয়েছিল। চালু হওয়ার প্রায় সাড়ে আট বছর পর এসে সূচক দুটি এখন সর্বোচ্চ উচ্চতায়।

ঈদের পর কঠোর বিধিনিষেধের কারণে ব্যাংকের লেনদেন সময় কমে যাওয়ায় শেয়ারবাজারের লেনদেনের সময়ও কমে যায়। এ কারণে ব্যাংকের লেনদেন সময়ের সঙ্গে সমন্বয় করে চলতি বিধিনিষেধে শেয়ারবাজারে লেনদেন হচ্ছে সকাল ১০টা থেকে একটানা বেলা ১টা পর্যন্ত।

তিন ঘণ্টার লেনদেন শেষে আজ রোববার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৩৫৫ কোটি টাকা। ঈদের ছুটির আগে সর্বশেষ কার্যদিবসে ১৯ জুলাই সাড়ে ৪ ঘণ্টার লেনদেন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৬৪ কোটি টাকা। সেই হিসাবে লেনদেনের সময় দেড় ঘণ্টা কমার পরও আজ ডিএসইতে প্রায় ৯১ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৭ সালের নভেম্বরে ঢাকার বাজারে প্রধান সূচক ডিএসইএক্স একবার সর্বোচ্চ ৬ হাজার ৩৩৭ পয়েন্টের রেকর্ড উচ্চতায় উঠেছিল। সেখান থেকে কমতে কমতে ২০২০ সালের মার্চে করোনার জন্য সাধারণ ছুটি ঘোষণার আগে সূচকটি সর্বনিম্ন ৩ হাজার ৬০০ পয়েন্টে নেমে গিয়েছিল। এ অবস্থায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে বদল আসে। বিএসইসিতে নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর গত বছরের জুলাই থেকে বাজার ঊর্ধ্বমুখী ধারায় ফিরে আসে। তাতে ডিএসইএক্স সূচকটি এক বছরে প্রায় ২৮০০ পয়েন্ট বা ৭৭ শতাংশ বেড়েছে।