তিন বছর পর আবাসন প্রকল্পে সরকার আর গ্যাস-সংযোগ দেবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আবাসন ব্যবসায়ীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেছেন, ‘আগামী তিন বছরের মধ্যে আবাসন প্রকল্পে গ্যাস-সংযোগ দেওয়া পর্যায়ক্রমে কমিয়ে আনা হবে। এলপিজি গ্যাস ব্যবহারে উৎসাহিত করা হবে। এ জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন।’
ঢাকার খামারবাড়ি এলাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল রোববার সন্ধ্যায় রিহ্যাবের গ্রীষ্মকালীন আবাসন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও রিহ্যাবের সাবেক সভাপতি নসরুল হামিদ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত শুক্রবার চার দিনব্যাপী এই মেলা শেষ হয়।
আবাসন ব্যবসায়ীদের উদ্দেশে নসরুল হামিদ বলেন, ‘আবাসন ব্যবসায় খারাপ সময় যাচ্ছে। এ থেকে বের হয়ে আসতে সরকারের কাছে সাহায্য-সহযোগিতা না চেয়ে আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে।’ তিনি বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতাদের ফ্ল্যাট বুঝিয়ে না দিলে এমনিতেই এই ব্যবসা টিকবে না। দুনিয়ার কোথাও প্রকল্প শেষ হতে পাঁচ বছর লাগে না। তাই এখন থেকে সর্বোচ্চ দুই বছরের লক্ষ্য নিয়ে প্রকল্প শেষ করুন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজউকের চেয়ারম্যান জয়নাল আবেদীন ভূঁইয়া, রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন ও সহসভাপতি রবিউল হক।