৩ বছরেও হয়নি বেনাপোলের রাসায়নিক পরীক্ষাগার

ভারত থেকে আমদানি করা রাসায়নিক দ্রব্য দিনের পর দিন শেডে পড়ে থাকছে। পরীক্ষার জন্য পাঠাতে হচ্ছে খুলনাসহ ঢাকার বিভিন্ন পরীক্ষাগারে। এতে আমদানির খরচের পাশাপাশি পণ্যের দাম বাড়ছে। আর সেই বাড়তি খরচ শেষ পর্যন্ত ভোক্তাদেরই বহন করতে হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ক্রেতারা।
এ চিত্র যশোরের বেনাপোল স্থলবন্দরের। অবশ্য দেশের সবচেয়ে বড় এই স্থলবন্দরের কাস্টম হাউস ২০১১ সালে একটি পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নেয়। তবে যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্য কেনার জন্য মাত্র সাত কোটি টাকাই বরাদ্দ দিতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এরই মধ্যে কেটে গেছে ৩৮ মাস। ফলে বেনাপোল স্থলবন্দরে রাসায়নিক পরীক্ষাগার স্থাপনের বিষয়টি এখনো কাগজে-কলমেই আটকে আছে। আলোর মুখ দেখছে না। এদিকে পরীক্ষাগার স্থাপনের জন্য চার হাজার বর্গফুট আয়তনের দ্বিতল ভবন নির্মাণ করেছে বেনাপোল কাস্টম। তবে বরাদ্দ না পাওয়ায় পরীক্ষাগারের পরিবর্তে এখন সেখানে একটি সংগ্রহশালা করেছে কাস্টম কর্তৃপক্ষ।
এদিকে গত ১৫ জুলাই রাসায়নিক পদার্থ ব্যবহার করে ফল পাকানো ও বাজারজাতকরণ রোধে পাঁচ দফা নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ছয় মাসের মধ্যে দেশের সব স্থল ও সমুদ্রবন্দরে কেমিক্যাল টেস্টিং ইউনিট (সিটিইউ) স্থাপন করতে হবে, যেন আমদানি করা সব ফল রাসায়নিক পরীক্ষা করে অবমুক্ত করা হয় এবং রাসায়নিক পদার্থ মেশানো কোনো ফল যেন দেশের ভেতর প্রবেশ করতে না পারে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের প্রতি এই নির্দেশনা দেওয়া হয়।
সব অবকাঠামো থাকলেও বেনাপোল স্থলবন্দরে গত তিন বছরে পরীক্ষাগার স্থাপন সম্ভব হয়নি। কারণ হিসেবে এনবিআর বলছে, এ জন্য তাদের কাছে আলাদা করে কোনো বরাদ্দ নেই। ফলে হাইকোর্টের নির্দেশনার পরও শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে এটি বাস্তবায়ন হবে কি না সে বিষয়ে সংশয় আছে।
বর্তমানে সারা দেশে ২১টি স্থলবন্দরের ঘোষণা দেওয়া আছে। তবে মূলত নয়টি স্থলবন্দর কার্যকরভাবে পরিচালিত হয়। এগুলো হলো—বেনাপোল, ভোমরা, বুড়িমারী, আখাউড়া, টেকনাফ, সোনামসজিদ, হিলি, দর্শনা ও বাংলাবান্ধা। বাকিগুলোতে পর্যাপ্ত অবকাঠামো না থাকায় অনিয়মিতভাবে আমদানি-রপ্তানি হয়ে থাকে। এ ছাড়া সমুদ্রবন্দর দুটি—চট্টগ্রাম ও মংলা।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১১ সালের ২৪ মে বেনাপোল কাস্টম হাউসের তৎকালীন কমিশনার আবদুল মান্নান শিকদার এনবিআরকে লিখিতভাবে রাসায়নিক পরীক্ষাগার স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য সাত কোটি ২৫ লাখ ৮২ হাজার টাকা বরাদ্দ চান। এর সঙ্গে যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যের দুইটি তালিকা দেওয়া হয়।
তার আগে রাসায়নিক পরীক্ষাগারে কী কী যন্ত্রপাতি ও সরঞ্জাম দরকার হয়, সে বিষয়ে প্রাক্কলন তৈরির জন্য একটি কমিটি গঠন করে বেনাপোল কাস্টম কর্তৃপক্ষ। সেই কমিটি পরিমাণসহ ১১২ ধরনের যন্ত্রপাতি ও ৩০৭ ধরনের রাসায়নিক দ্রব্যের একটি তালিকা তৈরি করে।
কাস্টম কমিশনার সেই আবেদনপত্রে লিখেছিলেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিনই উল্লেখযোগ্য পরিমাণে রাসায়নিক পণ্য আমদানি হয়। আমদানিকৃত পণ্য চালানের সঠিক বর্ণনা, ধরন, ব্যবহার ও শ্রেনিবিন্যাস নিশ্চিত করে যথাযথ রাজস্ব আদায় করতে প্রতিদিন একাধিক চালানের রাসায়নিক পরীক্ষা করতে হয়। বর্তমানে বেনাপোলে সেই সুযোগ না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, খুলনা বিশ্ববিদ্যাল, কুয়েটসহ বিভিন্ন জায়গায় পাঠাতে হয়। এতে পণ্য চালানের শুল্কায়নের বিলম্ব হয়। আমদানিকারকদের আমদানি ব্যয়ও বৃদ্ধি পায়।
অবশ্য বেনাপোল কাস্টমের একাধিক কর্মকর্তা বলেন, সেই আবেদনের পর এনবিআর কোনো পদক্ষেপ নেয়নি। তদবির করেও কোনো ফল হয়নি। গত মাসে হাইকোর্টের রায়ের পর আবারও এনবিআরে একটি চিঠি দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
বেনাপোল কাস্টমের তথ্যানুযায়ী, গত অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত নয় মাসে ৫৮১ কোটি ৯৫ লাখ টাকার ৭০ হাজার ৭১৮ মেট্রিক টন, ২০১২-১৩ অর্থবছরে ৭৮০ কোটি টাকার ৭১ হাজার ১৮৪ মেট্রিক টন, ২০১১-১২ অর্থবছরে ৭৪০ কোটি টাকার ৯৯ হাজার ৪৫৩ মেট্রিক টন, ২০১০-১১ অর্থবছরে ৬১২ কোটি ডলারের এক লাখ ৮৫১ মেট্রিক টন এবং ২০০৯-১০ অর্থবছরে ৫৩১ কোটি টাকার এক লাখ ৪৮ হাজার ১৪ মেট্রিক টন রাসায়নিক দ্রব্য বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি হয়।
আমাদানিকারকেরা জানান, বেনাপোল স্থলবন্দর দিয়ে শিল্প কারখানা ও বাণিজ্যিক ব্যবহারের জন্য রাসায়নিক আমদানি হয়। মোট আমদানির মধ্যে ৬০ শতাংশ বাণিজ্যিক। বাকি ৪০ শতাংশ শিল্পকারখানার জন্য। যেসব রাসায়নিক পণ্য আসে তার মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে—ফরমালিন, কার্বাইড, পোশাকশিল্পে ব্যবহৃত ডাইস কেমিক্যাল ও রি-অ্যাকটিভেড ডাইস।
জানতে চাইলে সিঅ্যান্ডএফ এজেন্ট পরাগ শিপিং লাইনের স্বত্বাধিকারী শরিফুজ্জামান পরাগ প্রথম আলোকে বলেন, শিল্প-কারখানার জন্য আমদানি করা রাসায়নিক বন্দরে আন্ডারটেকিং (মুচলেকা) দিয়ে খালাস করে আনা যায়। তাতে পরীক্ষার পর ঘোষণার সঙ্গে কোনো পার্থক্য পাওয়া গেলে তা মীমাংসা করা হয়। তবে বাণিজ্যিক ব্যবহারের জন্য আমদানি করা রাসায়নিক পরীক্ষাগারের অভাবে পাঁচ-সাত দিন বেশি লাগে।
শরিফুজ্জামান আরও বলেন, এসব কারণে খরচ বাড়ে, সময়ও অপচয় হয়। অনেক ক্ষেত্রে এত দিন পড়ে থাকায় রাসায়নিক দ্রব্যের গুণমানও নষ্ট হয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে এনবিআরের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পরীক্ষাগার স্থাপনের জন্য এনবিআরের কাছে পর্যাপ্ত অর্থ বরাদ্দ নেই। যেহেতু সব বন্দরে করতে হবে সে ক্ষেত্রে আলাদা আলাদা না করে একটি বড় প্রকল্প করে বাস্তবায়ন করাটাই সহজ হবে বলে মনে করেন তিনি।
এনবিআরের ওই কর্মকর্তা আরও বলেন, হাইকোর্টের রায়ের অনুলিপি এখনো এনবিআরে আসেনি। আসার পরই সিদ্ধান্ত বিচার-বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোয়েজউদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সরকার ও আদালতের নির্দেশ থাকলে পরীক্ষাগার স্থাপনে আমরা অবশ্যই সহযোগিতা করব।’