৩ শতাংশের নিচে নেমে যাবে বিশ্ব বাণিজ্য প্রবৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে বাণিজ্য প্রবৃদ্ধি আরও কমে যাবে। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) বলছে, চলতি ২০১৫ সালে সারা বিশ্বে আমদানি-রপ্তানির যে বাণিজ্য সেটির প্রবৃদ্ধি হবে মাত্র ২ দশমিক ৮ শতাংশ। অথচ গত এপ্রিল মাসে ডব্লিউটিও বলেছিল, এ বছর ৩ দশমিক ৩ শতাংশ হারে বিশ্ব বাণিজ্য প্রবৃদ্ধি ঘটবে।
কিন্তু এখন বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের পরিবর্তিত পরিস্থিতির কারণে সংস্থা বলছে, এ প্রবৃদ্ধি আরও কমে যাবে। এ জন্য প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে চীন, ব্রাজিলের আমদানি চাহিদা কমে যাওয়া, বিশ্ববাজারে জ্বালানি তেল ও প্রাথমিক পণ্যের মূল্যপতন, বিনিময় হারের ব্যাপক ওঠানামা, আর্থিক বাজারের অনিশ্চয়তা ও যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির পরিবর্তন।
আন্তর্জাতিক সংস্থা ডব্লিউটিও গতকাল বুধবার বিশ্ব বাণিজ্য প্রবৃদ্ধি নিয়ে নতুন করে এ পূর্বাভাস প্রকাশ করেছে। তাতে ২০১৫ সালের পাশাপাশি ২০১৬ সালেরও বিশ্ব বাণিজ্য প্রবৃদ্ধির পূর্বাভাস তুলে ধরা হয়। সেই পূর্বাভাসে বলা হয়েছে, ২০১৬ সালে বিশ্বজুড়ে বাণিজ্য প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৯ শতাংশ হারে। যদিও গত এপ্রিলে দেওয়া পূর্বাভাসে ২০১৬ সালে ৪ শতাংশ হারে বাণিজ্য প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল।
সাম্প্রতিক সময়ে চীন ও ব্রাজিলের আমদানি চাহিদা কমে যাওয়ায় পুরো বিশ্ব বাণিজ্যে তার নেতিবাচক প্রভাব পড়ে। এ কারণে গত এপ্রিলে করা ডব্লিউটিওর পূর্বাভাসও পাল্টাতে হয়েছে। এশীয় অঞ্চলের বাণিজ্য সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, চীনের আমদানি প্রবৃদ্ধির ধীর গতি এ অঞ্চলের আঞ্চলিক বাণিজ্য কমিয়ে দেবে।
ডব্লিউটিও বলছে, আগামী ২০১৬ সালে যদি ৩ দশমিক ৯ শতাংশ বিশ্ব বাণিজ্য প্রবৃদ্ধি অর্জিত হয়ও তাহলে সেটি হবে গত ২০ বছরের গড় প্রবৃদ্ধির চেয়ে কম। ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্ব বাণিজ্যের গড় প্রবৃদ্ধি ছিল ৫ শতাংশ। চলতি বছর সেটি কমে ৩ শতাংশের নিচে নেমে আসবে বলে মনে করছে আন্তর্জাতিক এই বাণিজ্য সংস্থা।
বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এশিয়া অঞ্চলে ২০১৫ সালে আমদানি প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৬ শতাংশ, যা পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০১১, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে এ অঞ্চলে রপ্তানি প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৬ দশমিক ৫, ৩ দশমিক ৭, ৪ দশমিক ৮ ও ৩ দশমিক ৪ শতাংশ। আমদানি প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে থাকলেও চলতি বছর শেষে এশিয়া অঞ্চলের রপ্তানি প্রবৃদ্ধি ৩ দশমিক ১ শতাংশ হারে হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ডব্লিউটিও।