৩ হাজার কোটি টাকা আয় না হলে রাজস্ব ক্ষতি হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরঙ্গ নিলাম না হলে সরকারের রাজস্ব ক্ষতি হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস।
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে গতকাল রোববার রাজধানীতে বিটিআরসির সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সুনীল কান্তি বোস বলেন, ‘আয়ের কতগুলো উৎসকে ধরে বছরে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ বছর নিলাম হলে সরকারের সর্বোচ্চ আয় হবে তিন হাজার কোটি টাকা। তিন হাজার কোটি যদি এ বছর আয় না হয় তাহলে সরকারের কোনো ক্ষতি হবে না।’
উল্লেখ্য, নিলাম নীতিমালা অনুযায়ী ১ হাজার ৮০০ মেগাহার্টজ তরঙ্গের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ কোটি মার্কিন ডলার বা ২৩২ কোটি টাকা (বর্তমান বাজারদরে)। আর ২ হাজার ১০০ মেগাহার্টজের ভিত্তিমূল্য ২ কোটি ২০ লাখ ডলার বা প্রায় ১৭০ কোটি ধরা হয়েছে। সে হিসাবে ভিত্তিমূল্যে যদি এই তরঙ্গ বিক্রি হয়, তাহলে ১৫ শতাংশ মূল্য সংযোজন করসহ (মূসক) সরকারের রাজস্ব আয় হবে প্রায় ৫ হাজার কোটি টাকা।
জিএসএম বা টুজির ক্ষেত্রে বাংলাদেশে অপারেটররা ১ হাজার ৮০০ মেগাহার্টজ ও থ্রিজি নেটওয়ার্কের জন্য দুই হাজার ১০০ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করে।
নিলাম না হওয়ার জন্য মুঠোফোন অপারেটরদের দায়ী করে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘তরঙ্গ বিক্রি না হলে কোনো অসুবিধা নেই। কিন্তু নিয়ন্ত্রক হিসেবে বলব, গ্রাহকদের উন্নততর সেবা দেওয়ার বিষয়টি অপারেটরদের চিন্তা করতে হবে। তরঙ্গ না কেনার কারণে সেবার মান যদি অপারেটররা বজায় রাখতে না পারে, তাহলে তাদের অসুবিধা হবে।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী।
বিশ্বে টেলিযোগাযোগ সেবার ১৫০ বছরপূর্তি উপলক্ষে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সদস্য হিসেবে বাংলাদেশ দিবসটি উদ্যাপন করছে। এ লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয় সংবাদ সম্মেলনে।