৩০ কোটি টাকা জরিমানা দেবে না গ্রামীণফোন

‘গো’ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) করা ৩০ কোটি টাকার আর্থিক জরিমানা পরিশোধে অস্বীকৃতি জানিয়েছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন। গতকাল বুধবার বিটিআরসিকে দেওয়া এক চিঠিতে এ কথা জানিয়েছে অপারেটরটি।
গ্রামীণফোনের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১-এর ৬৫ (৩) ধারা অনুযায়ী গো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে অপারেটরটি কোনো ধরনের আইন লঙ্ঘন করেনি। যেহেতু আইন লঙ্ঘন করা হয়নি, তাই ৩০ কোটি টাকা জরিমানা পরিশোধ করা থেকে অব্যাহতি চাওয়া হয়েছে চিঠিতে।
এর আগে ৬ নভেম্বর গো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার জন্য গ্রামীণফোনকে ৩০ কোটি জরিমানা পরিশোধে ১০ দিন সময় বেঁধে দিয়ে একটি চিঠি দেয় বিটিআরসি। ওই চিঠি অনুযায়ী জরিমানার অর্থ জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গো ব্রডব্যান্ড সেবার জন্য ৩০ কোটি টাকার আর্থিক জরিমানা করা হয়। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস ও এডিএন টেলিকমের সঙ্গে যৌথভাবে এই ইন্টারনেট সেবা চালু করে গ্রামীণফোন। এই প্রতিষ্ঠান দুটিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
সেবাটিকে অবৈধ ঘোষণার কারণ হিসেবে বিটিআরসির ব্যাখ্যায় বলা হয়, টেলিযোগাযোগ আইন অনুযায়ী কোনো মুঠোফোন অপারেটর সরাসরি তাদের অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এ ধরনের ‘লাস্ট মাইল কানেকটিভিটি’ সেবা দিতে পারে না। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেটের সর্বশেষ পর্যায়ের সংযোগকে বলা হয় লাস্ট মাইল কানেকটিভিটি। গত জুলাইয়ে গ্রামীণফোনের এ সেবাকে অবৈধ ঘোষণা করে বিটিআরসি।
জানতে চাইলে বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গ্রামীণফোনকে চিঠিতে জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে, বিটিআরসির সিদ্ধান্ত কেন পুনর্বিবেচনা করা হবে না, সেই ব্যাখ্যা চাওয়া হয়নি। তারপরও গ্রামীণফোন যদি এ সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করে, তাহলে আরও আগেই তাদের যোগাযোগ করা উচিত ছিল।
বিটিআরসির নিয়ম অনুযায়ী জরিমানার অর্থের সঙ্গে এখন ১৫ শতাংশ বিলম্ব ফি যোগ হবে বলে জানান বিটিআরসির ওই কর্মকর্তা।
গ্রামীণফোনের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, আইন মেনে গ্রামীণফোন অগ্নি সিস্টেমস ও এডিএন টেলিকমের সঙ্গে যৌথভাবে সুলভ মূল্যে সোনালী ব্যাংককে গো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে আসছে। বিটিআরসি যে অভিযোগ এনেছে, সেগুলো অস্বীকার করে আইনগত প্রক্রিয়ায় জরিমানা দেওয়া থেকে অব্যাহতি চেয়েছে গ্রামীণফোন।