৩০ দিনে অর্থনীতির ক্ষতি জিডিপির ৫ শতাংশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান সহিংস রাজনৈতিক অবস্থায় এবং টানা অবরোধ-হরতালে ক্ষতির মুখে পড়েছে দেশের অর্থনীতি। এক মাসের টানা হরতাল-অবরোধে দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ ৬৮ হাজার ৩১০ কোটি টাকা হবে বলে ব্যবসায়ীরা মনে করছেন।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) হিসাব অনুযায়ী, এক দিনের হরতাল-অবরোধে দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি ২ হাজার ২৭৭ কোটি টাকা। তার ভিত্তিতেই এক মাসের ক্ষয়ক্ষতির এই হিসাব করা হয়েছে।
বিগত ২০১৩-১৪ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপির) আকার ছিল চলতি মূল্যে ১৩ লাখ ৫০ হাজার ৯২০ কোটি টাকা। সে হিসাবে গত ৩০ দিনের অবরোধ-হরতালের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা জিডিপির ৫ শতাংশের বেশি।
অবস্থা এমনই দাঁড়িয়েছে যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এরই মধ্যে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণের ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে সার্বিক পর্যালোচনাও করা হচ্ছে বলে জানান তিনি।
এসব বিষয়ে জানতে চাইলে ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা উৎপাদনের দিক থেকেও ক্ষতিগ্রস্ত হচ্ছি, রপ্তানিতেও সমস্যায় পড়ছি। সারা বিশ্বে আমাদের ভাবমূর্তি সংকট দেখা দিয়েছে। ফলে অর্থনৈতিক সম্ভাবনাময় দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশ পরিচিতি পেয়েছে, সেটাও নষ্ট হয়ে যাচ্ছে।’
ঢাকা চেম্বার এবং সড়ক ও পণ্য পরিবহন খাতের ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, পরিবহন ও যোগাযোগ খাতের প্রতিদিনের ক্ষতি প্রায় ৩০০ কোটি টাকা। সে হিসাবে এক মাসে ক্ষতি নয় হাজার কোটি টাকা।
পর্যটন খাতের ব্যবসায়ীরা বছরের এই সময়টার জন্য সারা বছর ধরে অপেক্ষা করেন। এটা তাঁদের ভরা মৌসুম। কিন্তু হরতাল-অবরোধের কারণে দেশের পর্যটন স্থানগুলো এখন পর্যটক শূন্য। অনেক দেশি-বিদেশি পর্যটকেরা আগে বুকিং দিয়ে রাখলেও এখন তা বাতিল করে দিচ্ছেন। এতে মাথায় হাত পড়েছে হোটেল-মোটেল-কটেজ ও রেস্টুরেন্ট মালিকদের। ট্যুরিজম ডেভেলপারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে, হরতাল-অবরোধে পর্যটন খাতে প্রতিদিনের ক্ষতির পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা। সে হিসাবে ৩০ দিনে ক্ষতি হয়েছে ছয় হাজার কোটি টাকা।
উৎপাদনমুখী শিল্পই দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। বিগত ২০১৩-১৪ অর্থবছরে প্রাক্কলিত জিডিপিতে শিল্প খাতের এক দিনের অবদান ৮৭৫ কোটি ৮৪ লাখ টাকা। আর ঢাকা চেম্বার বলছে, প্রতিদিনই শিল্প-কারখানায় সক্ষমতার চেয়ে ২৫ শতাংশ কম পণ্য উৎপাদিত হচ্ছে। সে হিসাবে রাজনৈতিক অস্থিরতায় দেশের কারখানাগুলোতে প্রতিদিন উৎপাদন কম হচ্ছে ২১৮ কোটি ৯৬ লাখ টাকার। সংগঠনটির আশঙ্কা, এর প্রভাবে শিল্প-কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রবণতা বাড়বে।
দেশের রপ্তানি-আয় মূলত দাঁড়িয়ে আছে তৈরি পোশাকের ওপর। তাই পোশাক খাতের রপ্তানি বাধাগ্রস্ত হলে তার প্রভাব পড়ে সামগ্রিক রপ্তানিতে। পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর দাবি, চলমান অস্থিরতায় প্রতিদিন তাদের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে ৬৯৫ কোটি টাকার। আর ১ ফেব্রুয়ারি পর্যন্ত ২৭ দিনে ৯২ লাখ ৯২ হাজার ডলারের পোশাকের ক্রয়াদেশ বাতিল হয়েছে। এর সঙ্গে মূল্যছাড়, উড়োজাহাজে পণ্য পাঠানো, জাহাজীকরণে বিলম্ব ও নাশকতার ক্ষতি যোগ করে লোকসান দাঁড়িয়েছে ১ কোটি ৯০ লাখ ডলার (১৪৮ কোটি টাকা)।
এখন পোশাকের ক্রয়াদেশ স্বাভাবিক সময়ের চেয়ে ৩০ শতাংশ কমে গেছে দাবি করেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, আগে ক্রেতারা এ দেশে এসে ক্রয়াদেশ দিতেন। এই পরিস্থিতিতে তাঁরা তো আসছেনই না, উল্টো বিদেশে ডেকে নিয়ে যাচ্ছেন। তাঁরা বলেছেন, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন² হবে। এর মানে হলো ক্রেতারা ক্রয়াদেশ কমিয়ে দেবেন।
শপিংমল, বিপণিবিতানসহ সারা দেশে ছোট-বড় ২৫ লাখ দোকান আছে। এসব দোকানে গড়ে তিন হাজার টাকার বেচাবিক্রি হয়। ৫ শতাংশ মুনাফা বাদ দিলেও প্রতিদিন এসব দোকানে লোকসানের পরিমাণ ১৫০ কোটি টাকা। এই তথ্য বাংলাদেশ দোকান মালিক সমিতির। সে হিসাবে এক মাসের অস্থিরতায় দোকান মালিকদের ৪ হাজার ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
দিন আনে দিন খায়—ফুটপাতের এমন হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দুর্দশা আরও বেশি। দেশের এমন কয়েক লাখ ক্ষুদ্র ব্যবসায়ী আছেন। তাঁদের সম্মিলিতভাবে প্রতিদিন প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়।
রপ্তানিমুখী খাত চিংড়িশিল্পের কারখানাগুলোতে প্রায় ১১ হাজার টন চিংড়ির মজুত জমে গেছে। এর বাজারমূল্য প্রায় ১ হাজার ৪৫২ কোটি টাকা। হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতি বলছে, হরতাল-অবরোধে চিংড়িশিল্পে প্রতিদিন ক্ষতি হচ্ছে ৮ থেকে ১০ কোটি টাকা। সে হিসাবে ৩০ দিনের ক্ষতির পরিমাণ ২৫০ কোটি টাকার বেশি।
পরিবহন ব্যবস্থা প্রায় ভেঙে পড়ায় খামারে উৎপাদিত ডিম ও মুরগি ভোক্তার কাছে ঠিকমতো পৌঁছানো যাচ্ছে না। ফলে এসবের ২৫-৩০ শতাংশই অবিক্রিত থাকছে। সে কারণে ক্ষতিও বাড়ছে। পোলট্রি খাতের উদ্যোক্তারা বলছেন, হরতাল-অবরোধে তাঁদের প্রতিদিন ক্ষতি হচ্ছে ১৮ কোটি টাকা। আর ৩০ দিনের ক্ষতি ৫৪০ কোটি টাকা।
প্রতিবছরই জানুয়ারিতে রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হয় দেশের সবচেয়ে বড় বাণিজ্য মেলা। অনেক প্রতিষ্ঠান নিজেদের পণ্যের বিক্রি ও প্রসারে এই মেলার দিকে চেয়ে থাকেন, প্রচুর অর্থ ব্যয় করে স্টল-প্যাভিলিয়নও নেন। কিন্তু টানা অবরোধ-হরতালে এবার ক্রেতা খুবই কম। শুধু শুক্র ও শনিবার ছুটির দিনেই দর্শনার্থীদের ঢল দেখা যায়। বাকি দিনগুলোতে মেলা প্রাঙ্গণ প্রায় ফাঁকাই থাকে।