আজ বৃহস্পতিবার সামাজিক ব্যবসা দিবস পালিত হবে। ষষ্ঠবারের মতো ইউনূস সেন্টার এ দিবসটি পালন করতে যাচ্ছে।
এ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী সেমিনার ও অভিজ্ঞতা বিনিময়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে ৩০ দেশের আড়াই শ প্রতিনিধি যোগ দেবেন।
এবার দিবসটির প্রতিপাদ্য হলো ‘আমরা চাকরিপ্রার্থী নই, আমরা চাকরিদাতা—বেকারদের উদ্যোক্তায় রূপান্তর’। দিনব্যাপী আয়োজনে প্রায় ১ হাজার ৬০০ অতিথি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বক্তব্য দেবেন নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মূহাম্মদ ইউনূস।
সামাজিক ব্যবসা দিবসে মোট ১২টি কর্ম-অধিবেশন থাকবে। এসব অধিবেশনে নবীন উদ্যোক্তা পদ্ধতি, সামাজিক ব্যবসায় ক্ষুদ্রঋণ, সামাজিক ব্যবসা ও প্রযুক্তি, সামাজিক ব্যবসায়ে অর্থের উৎস প্রভৃতি বিষয়ে আলোচনা হবে।
বিভিন্ন কর্ম-অধিবেশনের উল্লেখযোগ্য কয়েকটি বিষয়টি হলো উদ্যোক্তা ও বিনিয়োগকারী, সামাজিক ব্যবসা: যুবশক্তি ও তথ্যপ্রযুক্তি, সামাজিক ব্যবসা ও স্বাস্থ্যসেবা, এনজিও ও সামাজিক ব্যবসা, ক্ষুদ্র অর্থায়নে সামাজিক ব্যবসা ইত্যাদি। অধিবেশনগুলোতে সামাজিক ব্যবসায়ের নবীন উদ্যোক্তাসহ অংশগ্রহণকারীরা তাঁদের অভিজ্ঞতা বিনিময় করবেন।
২০১০ সাল থেকে প্রতিবছর ২৮ জুন ঢাকায় সামাজিক ব্যবসা পালিত হয়ে আসছে। কিন্তু এ বছর রমজানের কারণে এক মাস আগে ২৮ মে দিবসটি পালিত হচ্ছে। একই কারণে আগামী বছরও ২৮ মে দিবসটি পালন করা হবে বলে ইউনূস সেন্টার সূত্রে জানা গেছে।
সামাজিক ব্যবসা হলো এমন ধরনের ব্যবসা, যেখান থেকে উদ্যোক্তারা মুনাফা তুলতে পারেন না। মুনাফার টাকা ব্যবসা সম্প্রসারণে কিংবা নতুন ব্যবসায়ে পুনরায় বিনিয়োগ করা হয়। তবে সামাজিক ব্যবসায়ের কার্যক্রম অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানগুলোর মতোই পরিচালিত হয়।