৩০ পদে লড়ছেন ৬৩ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১২-১৪ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পরিষদের নির্বাচনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৩ জন প্রার্থী।চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া ১৮ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করায় এখন চূড়ান্ত প্রার্থীর এই সংখ্যা দাঁড়িয়েছে। সরাসরি ভোটে পরিচালক নির্বাচিত হওয়ার জন্য ৩০টি পদের বিপরীতে লড়বেন এই প্রার্থীরা।এদিকে চূড়ান্ত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছে এফবিসিসিআইর নির্বাচন অনুষ্ঠানে গঠিত বোর্ড। গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।২৪ নভেম্বর এফবিসিসিআইর নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৬ নভেম্বর সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে ২৯ নভেম্বর।এ বছর ৪৮ জন পরিচালক নির্বাচন করা হবে। এর মধ্যে চেম্বার গ্রুপ ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৫ জন করে ৩০ জন সরাসরি ভোটে নির্বাচিত হবেন। এই ৩০টি পদের জন্যই ৬৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সরকার মনোনীত পরিচালক হবেন ১৮ জন (চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে নয়জন করে)। এই ১৮ জন সরাসরি ভোটে নির্বাচিত হবেন না। এবার নির্বাচনে ভোটার সংখ্যা এক হাজার ৯১৭ জন। এর মধ্যে অ্যাসোসিয়েশন গ্রুপের এক হাজার ৬০৮ ও চেম্বার গ্রুপের ভোটার সংখ্যা ৩০৯ জন।গত বৃহস্পতিবার নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। এফবিসিসিআই থেকে জানা যায়, শেষ দিনে ১৮ জন মনোনয়ন প্রত্যাহার করেন। এর মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন দুই গ্রুপ থেকেই আছেন নয়জন করে। ওই দিন সন্ধ্যায় নির্বাচনী বোর্ড মনোনয়ন প্রত্যাহারকারীদের নাম নির্বাচন সচিবালয়ে টাঙিয়ে দেয়।প্রাথমিকভাবে চেম্বার গ্রুপ থেকে ৪০ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করেন।চেম্বার গ্রুপ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, চাঁদপুর চেম্বারের জাহাঙ্গীর আকন্দ, কুমিল্লা চেম্বারের ইফতিয়ার খান, কিশোরগঞ্জ চেম্বারের আবদুস শহীদ, নওগাঁ চেম্বারের সামসুল হক, নারায়ণগঞ্জ চেম্বারের মোহাম্মদ আইউব, নীলফামারী চেম্বারের আবদুল ওয়াহেদ সরকার, ঝিনাইদহ চেম্বারের মীর নাসির উদ্দিন, পঞ্চগড় চেম্বারের ইকবাল কায়সার এবং চুয়াডাঙ্গা চেম্বারের ইয়াকুব হোসেন।অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন: উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশনের সাবেরা আহমেদ, টেলিকম ব্যবসায়ী সমিতির ফরিদ আলী খান, সাব-কন্ট্রাকটিং সমিতির আসলাম আলী, সড়ক পরিবহন সমিতির মাজহারুল আনাম, রেস্টুরেন্ট সমিতির আনোয়ার হোসেন মৃধা, মাস্টার্স স্টিভিডোর্স সমিতির মো. ইব্রাহিম, মেশিন মেড আরসিসি পাইপ প্রস্তুতকারক সমিতির গিয়াসউদ্দিন চৌধুরী খোকন, ইমিটেশন জুয়েলারি প্রস্তুতকারক সমিতির আনিসুর রহমান বাদশা এবং আলু রপ্তানিকারক সমিতির সৈয়দ মোয়াজ্জেম হোসেন।প্রার্থী পরিচিতি সভা: শুক্রবার নির্বাচনী বোর্ড অ্যাসোসিয়েশন গ্রুপের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী কাজী আকরাম উদ্দিনের প্যানেল এবং এফবিসিসিআইর সাবেক সভাপতি আনিসুল হক-সমর্থিত গণতান্ত্রিক প্যানেলের ৩০ জন প্রার্থী এতে বক্তব্য দেন। এ ছাড়া ব্যবসায়ী ঐক্য ফোরাম নামে তিনজন প্রার্থী নিয়ে স্বতন্ত্র প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান পরিচালক আলী জামান।নির্বাচনী বোর্ডের সভাপতি সাংসদ মো. আলী আশরাফের সভাপতিত্বে সভায় ভোটার, প্রার্থী ছাড়াও এফবিসিসিআইর বর্তমান ও সাবেক পরিচালকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।পরিচিতি সভায় শিল্প-বাণিজ্য আরও গতিশীল করতে নানামুখী উদ্যোগ নেওয়া, সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যবসায়ীদের সম্পর্ক উন্নয়ন, ব্যাংকের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা এবং ব্যবসায়ীদের একটি বৃহত্তর নেটওয়ার্কের আওতায় আনার অঙ্গীকার করেছেন প্রার্থীরা।